আশিকুর রহমান সবুজ , শ্রীপুর (গাজীপুর)
“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ। ক্ষমতায়িত নার্সরা জীবন বাঁচায়” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নার্সেস দিবস-২০২৬ পালিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকালে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডাঃ বিজন মালাকার। এসময় হাসপাতালের সকল চিকিৎসক, নার্স ও প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় ডাঃ শফিকুল ইসলাম বলেন, “মানবসেবার সবচেয়ে মমতাময় অধ্যায় হলো নার্সিং। একজন নার্স শুধু ওষুধ বা সেবা প্রদান করেন না, বরং অসুস্থ মানুষের মনে বাঁচার সাহস ও অনুপ্রেরণা জাগিয়ে তোলেন। দিন-রাত নিরলস পরিশ্রম ও ত্যাগ দিয়ে তারা মানবতার সেবায় নিয়োজিত থাকেন।”
ডাঃ বিজন মালাকার তার বক্তব্যে বলেন, আধুনিক স্বাস্থ্যসেবা ব্যবস্থায় নার্সদের ভূমিকা অপরিসীম। মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্সদের পেশাগত উন্নয়ন ও ক্ষমতায়ন জরুরি।
কর্মসূচি শেষে উপস্থিত সকলে নার্সিং পেশার মহত্ত্ব তুলে ধরে সারা বিশ্বের নার্সদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply