আশিকুর রহমান সবুজ,শ্রীপুর (গাজীপুর): প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে শ্রীপুর মডেল থানার উদ্যোগে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে থানা পরিষদ চত্বরে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মো. শরিফ উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “মাদক পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে। শ্রীপুরকে মাদকমুক্ত করতে আমরা বদ্ধপরিকর। রাজনৈতিক শুদ্ধাচার রক্ষায় মাদকের সঙ্গে সম্পৃক্ত কোনো ব্যক্তি বিএনপি বা এর অঙ্গ-সহযোগী সংগঠনের কোনো স্তরেই পদ-পদবি পাবে না।” তিনি আরও বলেন, এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজি ইতিমধ্যে কমেছে, এখন সম্মিলিত প্রচেষ্টায় মাদক নির্মূল করতে পারলে আইন-শৃঙ্খলার আরও উন্নতি হবে।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “একটি জাতিকে ধ্বংস করতে হলে আগে যুবসমাজকে ধ্বংস করতে হয়। আপনার সন্তান সন্ধ্যার পর কোথায় যায়, কার সঙ্গে মিশছে এবং মোবাইল জুয়াসহ কোনো মরণনেশায় আসক্ত হচ্ছে কি না—সেদিকে নজর রাখুন।” তিনি আরও বলেন, বিপুল জনসংখ্যার এই জনপদে পুলিশের একার পক্ষে সব অপরাধ নিয়ন্ত্রণ করা কঠিন; তাই সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করা প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খায়রুল কবির মণ্ডল আজাদ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাফর, পৌর বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, উপজেলা বিএনপি নেতা এস এম মাহফুল হাসান হান্নান এবং জেলা ছাত্রদল নেতা নওশাদ মোস্তাকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা শ্রীপুর উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply