রাজারহাটে ব্যবসায়ির ৫০ হাজার টাকা জরিমানা

রাজারহাটে ব্যবসায়ির ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, মোঃ রেজাউল হক কুড়িগ্রাম

রাজারহাটে জব্দ করা বিপুল পরিমাণ অবৈধ বালাইনাশক ঘটনাস্থলে পুড়ে ধ্বংস,
কৃষকের ফসল ও অর্থনীতিকে ঝুঁকিতে ফেলে কুড়িগ্রামের রাজারহাটে চলছিল অনুমোদনহীন ও ভেজাল কীটনাশকের রমরমা বাণিজ্য। অবশেষে প্রশাসনের অভিযানে সেই চিত্র উন্মোচিত হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ অবৈধ বালাইনাশক, যা ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়।

সোমবার (১৩ এপ্রিল ২০২৬) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সিংগারডাবড়ীহাট এলাকার ‘রিসা বীজ ভান্ডার’ থেকে লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের ৬২৬টি অনুমোদনহীন পণ্য উদ্ধার করা হয়। জানা যায়, কোম্পানিটির বাজারজাত ৭৪টি পণ্যের মধ্যে মাত্র ৮টির সরকারি অনুমোদন রয়েছে—যা স্পষ্টভাবে আইন লঙ্ঘনের প্রমাণ বহন করে।
উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী বলেন, ভেজাল ও অনুমোদনহীন কীটনাশকের ব্যবহার কৃষকের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে এবং ফসল উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলছে।


নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান জানান,অভিযোগের সত্যতা পাওয়ায় সার ব্যবস্থাপনা আইন ২০০৬ অনুযায়ী এ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্টদের সতর্ক করে তিন কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.