গাজীপুরে ৪ মাদক সেবনকারীকে ভ্রাম্যমাণ আদালতের সাজা ও জরিমানা

গাজীপুরে ৪ মাদক সেবনকারীকে ভ্রাম্যমাণ আদালতের সাজা ও জরিমানা

গাজীপুর প্রতিনিধি


গাজীপুর মহানগরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শহর এলাকায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে।


বুধবার (১৭ জুন) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ আদেশ প্রদান করেন গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল ও গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন। জানা যায়, গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ মাহবুবুল আলম ভূঞার নের্তৃত্বে জয়দেবপুর শহরের রেলওয়ে স্টেশন, সাহাপাড়া, উত্তর ছায়াবিথী এলাকায় সেবনরত অবস্থায় চারজনকে গাঁজাসহ আটক করা হয়।


পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদক সেবনের প্রমাণ পাওয়া গেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের দোষী সাব্যস্ত করে গাজীপুর সিটি কর্পোরেশন ২৯ নং ওয়ার্ড ছোট দেওড়া এলাকার আঃ মালেকের ছেলে মোঃ রহমত আলী(৩৮), নেত্রকোণা চল্লিশা বামনিকোণা এলাকার মৃত আসক আলীর ছেলে মোঃ আমিনুল হক (৩৮)কে পনের দিনের কারাদন্ড ও ১০০ টাকা করে অর্থদন্ড প্রদান করেন গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন । অপরদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন একই ধারা অনুযায়ী শহরের ২৮ নং ওয়ার্ড সাহাপাড়া এলাকার মৃত আলী হোসেনের ছেলে রাসেল আহাম্মেদ রাজু (৩২) ও উত্তর ছায়াবিথী এলাকার নয়াবাড়ি এলাকার ফুলু মিয়ার ছেলে মোঃ মমিন (২৬) কে তিনমাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে অর্থদন্ড প্রদান করেন গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল। পরে তাদের গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন গাজীপুর জেলা কারাগারে প্রেরণ করেন। এসময় ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউশন দাখিল করেন গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ মাহবুবুল আলম ভূঞা ও উপ-পরিদর্শক জুয়েল মিয়া।

Leave a Reply

Your email address will not be published.