‎ভেড়ামারায় জিও ব্যাগের পাশ থেকে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার ও সরঞ্জাম জব্দ

‎ভেড়ামারায় জিও ব্যাগের পাশ থেকে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার ও সরঞ্জাম জব্দ

মাহমুদুল হাসান চন্দন


‎কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ১২ মাইল মুন্সিপাড়া এলাকায় নদী ভাঙন রোধে ফেলা জিও ব্যাগের পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে একটি ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ পাইপসহ আনুষঙ্গিক সরঞ্জাম জব্দ করা হয়েছে।

‎বাংলাদেশ সেনাবাহিনীর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ১৩ জুলাই সোমবার দুপুরে এই অভিযান পরিচালনা করে স্থানীয় উপজেলা প্রশাসন।
‎স্থানীয় সূত্রে জানা গেছে, মুন্সিপাড়া এলাকায় তীব্র নদী ভাঙন রোধে সরকারি উদ্যোগে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করা হচ্ছিল। কিন্তু একটি অসাধু চক্র সেই জিও ব্যাগের একেবারে কাছ থেকেই ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে ভাঙন রোধে নেওয়া সরকারি এই উদ্যোগ চরম ঝুঁকির মুখে পড়ে এবং নতুন করে নদী ভাঙনের আতঙ্ক তৈরি হয়। বিষয়টি নজরে আসার পর বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় প্রশাসনকে অবহিত করে।

অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহারের নেতৃত্বে ওই এলাকায় একটি বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বালু উত্তোলনের সত্যতা মেলায় ড্রেজার মেশিন, পাইপসহ বালু কাটার যাবতীয় সরঞ্জাম জব্দ করা হয়। একই সাথে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার জানান, নদী রক্ষা এবং সরকারি সম্পদ বিনষ্টকারীদের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। ভাঙন কবলিত এলাকায় যেকোনো ধরণের অবৈধ বালু ও মাটি উত্তোলন রুখতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে।
‎নদী ভাঙনের হাত থেকে এলাকা রক্ষায় সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের এমন তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published.