নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর
বিপুল উৎসাহ-উদ্দীপনার সাথে উৎসবমুখর পরিবেশে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ বাংলা বর্ষবরণ উৎসব পালিত হয়েছে। বাংলা নববর্ষ-১৪৩৩ উপলক্ষ্যে ১৪ এপ্রিল (মঙ্গলবার) সকালে ডুয়েটের শহিদ আবু সাঈদ প্রশাসনিক ভবনের সামনে থেকে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন সকলকে নববর্ষের শুভেচ্ছা জানান। এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশি ও বাঙালি জাতিসত্ত্বার সাংস্কৃতিক ভিত্তি পহেলা বৈশাখ উদযাপনের এ মুহূর্তে আমাদেরকে অতীতের গ্লানি মুছে নব উদ্যমে দীপ্ত শপথে বলীয়ান হয়ে দৃঢ়পদে সামনে এগিয়ে যেতে হবে এবং সম্মিলিত প্রয়াসে ডুয়েটকে এগিয়ে নিতে হবে। চতুর্থ শিল্পবিপ্লবের অর্জনসমূহ ধরে রেখে পঞ্চম শিল্পবিপ্লব সংশ্লিষ্ট প্রযুক্তির উৎকর্ষতা অর্জনের লক্ষ্য নিয়ে আমরা যে অগ্রযাত্রা শুরু করেছি নতুন বছরে তা আরও বেগবান করতে হবে।’ উপাচার্য মহোদয় আরও বলেন, ‘ডুয়েটে বাস্তবায়নাধীন স্মরণকালের সবচেয়ে বড় এম-ডুয়েট প্রজেক্ট, চলমান গবেষণা কালচারসহ বিগত বছরের ঐতিহাসিক অর্জনগুলো ধরে রেখে নতুন বছরে এ ধারাকে আরও গতিশীল করতে হবে। ব্যক্তিগত, পারিবারিক ও পেশাগত জীবনে অতীতের যাবতীয় অপ্রাপ্তি ও অপূর্ণতা পূরণে নতুন বছরে আমাদেরকে আন্তরিকতার সাথে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. খসরু মিয়া। পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাসের সভাপতিত্বে এতে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের বিভাগীয় প্রধান, পরিচালক, হল প্রভোস্ট এবং অফিস প্রধানগণসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা ও সমাবেশ শেষে শহিদ আবু সাঈদ প্রশাসনিক ভবনের সামনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। পরে গ্রাম বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে ডুয়েট শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া ডুয়েট স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণেও বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপিত হয়েছে।

Leave a Reply