
নজমুল হক গাজীপুর
আন্ত:বিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতার ছাত্রী একক ও দ্বৈতে চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ছাত্র এককে জগন্নাথ ও ছাত্র দ্বৈতে চ্যাম্পিয়ন বাংলাদশ কৃষি বিশ্ববিদ্যালয়। প্রথমবারের মত আয়োজিত আন্ত:বিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ ক্যারাম ফেডারেশনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় আয়োজক জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের ১৮টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। তিন দিনব্যাপী ক্যারাম প্রতিযোগিতায় পুরুষ একক ও দ্বৈতে ৫৬ জন ছাত্র এবং নারী একক ও দ্বৈতে ৩২ জন ছাত্রী প্রতিদ্বন্দ্বিতা করেন। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন বাংলাদেশ ক্যারাম ফেডারেশনের বিজ্ঞ বিচারকগণ। শ্বাসরুদ্ধকর প্রতিযোগিতা শেষে পুরুষ একক বিভাগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তফিজ উদ্দিন তোহাকে হারিয়ে চ্যাম্পিয়ন হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মোঃ রিয়াজুল ইসলাম ফারদিন। এই বিভাগে দ্বিতীয় রানারআপ হন চট্টগ্রাম ভেটেরিনারী ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের উসিং প্রু। পুরুষ দ্বৈত বিভাগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রিয়াজুল ইসলাম ফারদিন ও মোঃ নাঈম হোসাইন জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মোল্লা রিয়াজ মাহমুদ ও মোঃ সিরাজুল ইসলাম জুটি। এই বিভাগে দ্বিতীয় রানারআপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোঃ মারুফ হাসান ও আহসান মন্ডল জুটি।
নারী এককে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মিথিলা ফারজানা মৌ-কে হারিয়ে চ্যাম্পিয়ন হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাবিবা আক্তার ইমি। এই বিভাগে দ্বিতীয় রানারআপ হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সারা সাদিয়া নূর।
নারী দ্বৈত বিভাগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মিথিলা ফারজানা মৌ ও মাহজাবিন তন্বী জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাবিবা আক্তার ইমি ও মোছাঃ রিফাতুন জান্নাত জুটি। এই বিভাগে দ্বিতীয় রানারআপ হয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সৈয়দা জান্নাত আক্তার ও মোছাঃ সাদিয়া আফরিন জুটি।
রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর ও আন্ত:বিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর মো. লুৎফর রহমান, প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেরস ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম এবং রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক ও আন্ত:বিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা পরিচালনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ শফিউল করিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, বিভাগীয় প্রধান এবং কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Reply