‎ধরমপুরে জমকালো আয়োজনে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

‎ধরমপুরে জমকালো আয়োজনে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

মাহমুদুল হাসান চন্দন:


‎কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক জমকালো ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে ঐতিহ্যবাহী “মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ধরমপুর ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৬”।

‎স্থানীয় সামাজিক সংগঠন ‘সোনার বাংলা’-এর ব্যানারে শুক্রবার (২৮ আগস্ট) এই আকর্ষণীয় ফুটবল আসরের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
‎উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আমিরুল আরাফাত। এছাড়া বিশেষ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান।

‎বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও বিএনপি নেতা হাজী মোঃ সামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শাহজাহান আলী, যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদ মিন্টু, জালাল উদ্দিন মাতুব্বর, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নান্টু মিয়া, ধরমপুর ইউনিয়ন ৮ নং বিএনপির সভাপতি নয়ন আলী, বিএনপি নেতা রেজাউন খন্দকার অঞ্জন এবং আলী হোসেন। পুরো অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজন আলী এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আকরাম। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ খেলাটি উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন।

‎প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, “যুবসমাজকে মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতি রক্ষার্থে আয়োজিত এই টুর্নামেন্ট অত্র অঞ্চলের ফুটবলপ্রেমীদের মাঝে এক নতুন উদ্দীপনার সৃষ্টি করবে।” একই সাথে তিনি শান্তি-শৃঙ্খলার মধ্য দিয়ে পুরো টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

‎উদ্বোধনী ম্যাচে গ্যালারি জুড়ে হাজারো দর্শকের করতালি ও উল্লাসে পুরো মাঠজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উদ্বোধনী ম্যাচে মাঠে নামে ১ নং কাজি হাটা বনাম ৯ নং ওয়ার্ড বৃত্তি পাড়া দল। আয়োজক কমিটি ‘সোনার বাংলা’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো টুর্নামেন্ট জুড়ে দর্শকদের জন্য এরকম আরও আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published.