প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশের  ডিজিটাল ভবিষ্যৎ নিয়ে আলোচনা করলেন টেলিনরের গ্রুপ সিইও

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশের  ডিজিটাল ভবিষ্যৎ নিয়ে আলোচনা করলেন টেলিনরের গ্রুপ সিইও

নিজস্ব প্রতিবেদক

টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও বেনেডিক্টে শিলব্রেড ফাসমার তার বাংলাদেশ সফরে আজ সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এই বৈঠকে বাংলাদেশের ডিজিটাল উন্নয়নে টেলিনরের অব্যাহত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

টেলিনর প্রতিনিধিদলে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমানসহ টেলিনর ও গ্রামীণফোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে বেনেডিক্টে শিলব্রেড ফাসমার প্রায় তিন দশক ধরে বাংলাদেশে টেলিনরের কার্যক্রমের কথা তুলে ধরেন। আলোচনায় তরুণ জনগোষ্ঠী, দ্রুত ডিজিটাল জীবনধারা গ্রহণের প্রবণতা এবং ক্রমবর্ধমান উদ্ভাবন ইকোসিস্টেমের কল্যাণে বাংলাদেশে ডিজিটাল-নির্ভর ভবিষ্যৎ গড়ে তোলার শক্ত ভিত্তি রয়েছে বলে উভয় পক্ষ আস্থা ব্যক্ত করেন। 

বেনেডিক্টে শিলব্রেড ফাসমার আরও উল্লেখ করেন যে, এশিয়ায় টেলিনরের জন্য বাংলাদেশের কৌশলগত গুরুত্ব রয়েছে এবং বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে দীর্ঘমেয়াদি অংশীদার হিসেবে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। সংযোগ সম্প্রসারণ, ডিজিটাল অন্তর্ভুক্তি জোরদার এবং টেকসই অর্থনৈতিক  প্রবৃদ্ধিতে সহায়ক এমন দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতেবিনিয়োগ অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে টেলিনর।

আলোচনায় তরুণ বাংলাদেশিদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) ভবিষ্যৎ-উপযোগী দক্ষতা গড়ে তোলার ওপর গুরুত্ব তুলে ধরা হয়; যা দক্ষ কর্মসংস্থানের সুযোগ বাড়াতে এবং সরকারের বৃহত্তর উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক। এতে ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যও রয়েছে।

নিরাপদ ও স্মার্ট আগামী গড়ার অভিন্ন লক্ষ্য সামনে রেখে টেলিনর ও গ্রামীণফোন বাংলাদেশের দীর্ঘমেয়াদি সম্ভাবনার ওপর তাদের আস্থা এবং দেশের ডিজিটাল অগ্রযাত্রায় অবদান রাখার ইচ্ছা পুনর্ব্যক্ত করে। আলোচনায় টেকসই অগ্রগতি ত্বরান্বিত করতে এবং সমাজের জন্য ডিজিটাল সংযোগের পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে একটি পূর্বানুমেয় এবং বিনিয়োগবান্ধব নিয়ন্ত্রক ও নীতিগত পরিবেশের গুরুত্বও তুলে ধরা হয়। 

Leave a Reply

Your email address will not be published.