
মাহফুজুর রহমান ইকবাল, সটাফ রিপোর্টার
গাজীপুরের শ্রীপুরে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে ৬০০টি আমগাছের চারা বিতরণ করা হয়েছে। রোববার উপজেলার সিংগারদিঘী উচ্চ বিদ্যালয়ে এ চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দেশনায়ক তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর অংশ হিসেবে শ্রীপুরে শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণের উদ্যোগ নেওয়া হয়। শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মাওনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোক্তারুল করিম মোড়ল শামীমের সৌজন্যে সিংগারদিঘী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ৬০০টি আমগাছের চারা তুলে দেওয়া হয়। চারা বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডাঃ হুজ্জাতুল ইসলাম পলাশ, প্রধান শিক্ষক সুরুজ্জামান, সিংগারদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিলারা শারমিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, বায়ুদূষণ কমানো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ প্রয়োজন।বক্তারা শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি ও বিদ্যালয় প্রাঙ্গণে নিয়মিত গাছ লাগানোর পাশাপাশি বিতরণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের আহ্বান জানান।
মোক্তারুল করিম মোড়ল শামীম বলেন, “শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেওয়ার মধ্য দিয়ে আমরা শুধু গাছ লাগানোর উদ্যোগ নিচ্ছি না, বরং নতুন প্রজন্মের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি করতে চাই। একটি গাছ একটি পরিবারের জন্য যেমন সম্পদ, তেমনি একটি সবুজ গাছ ভবিষ্যৎ প্রজন্মের জন্যও বড় আশীর্বাদ।”তিনি বলেন, বৃক্ষরোপণ কর্মসূচিকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে রোপণ করা প্রতিটি গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। তাহলেই এ উদ্যোগ দীর্ঘমেয়াদে পরিবেশ সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।

Leave a Reply