
লিয়াকত হোসেন
ভাড়া করা লোক দিয়ে অফিসে কাজ করানো ও সেবাগ্রহীতাদের কাছ থেকে টাকা নেয়ার বিষয়ে সময় টিভিতে সংবাদ প্রচারের জেরে রাজশাহী ভূমি অফিসের এক কর্মকর্তা ও এক কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজশাহী জেলা প্রশাসকের এস এ শাখা থেকে জারি করা অফিস আদেশে তাদের সাময়িক বরখাস্তের বিষয়টি জানানো হয়। এর আগে বুধবার (২৬ আগস্ট) সময় সংবাদে ভূমি অফিসের নানা অনিয়ম ও দুর্নীতি নিয়ে একটি প্রতিবেদন প্রচার হয়েছিল।
সাময়িক বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন- রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়ন ভূমি অফিসের ভূমি উপ-সহকারী কর্মকর্তা বিজন কুমার প্রামাণিক এবং তানোর উপজেলা ভূমি অফিসের মিউটেশন কাম সার্টিফিকেট অ্যাসিস্ট্যান্ট ইমরুল কাশেম ইমন।
অফিস আদেশে বলা হয়, মৌগাছি ইউনিয়ন ভূমি অফিসের ভূমি উপ-সহকারী কর্মকর্তা বিজন কুমার প্রামাণিক ভাড়া করা লোক দিয়ে চেয়ার-টেবিল নিয়ে রীতিমতো কম্পিউটারে গোপন শাখায় কাজ করান, যা সময় টিভির প্রতিবেদন ও ওই কর্মকর্তার বক্তব্যে উঠে এসেছে।
পাশাপাশি তানোর উপজেলা ভূমি অফিসের মিউটেশন কাম সার্টিফিকেট অ্যাসিস্ট্যান্ট ইমরুল কাশেম ইমন গ্রাহকদের সেবা দেয়ার নামে অতিরিক্ত টাকা নেন, যা সময় টিভির প্রতিবেদনের ভিডিওতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে।
তাই সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর বিধি ১২ (১) অনুযায়ী তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে অফিস আদেশে নিশ্চিত করা হয়েছে।

Leave a Reply