
শ্রীপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যুবক ফাহমিদের মৃত্যু
শ্রীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় স্কুটিচালক ফাহমিদ (২৪) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত ফাহমিদ শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বহেরার চালা নতুন বাজার এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার রাতে মাওনা ওভারব্রিজের উত্তর পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্কুটির সঙ্গে একটি অজ্ঞাত গাড়ির সজোরে ধাক্কা লাগে। এতে ফাহমিদ মাথায় গুরুতর আঘাত পান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় আল হেরা হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকদের পরামর্শে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ফাহমিদ বহেরার চালা কেন্দ্রীয় জামে মসজিদে প্রতিবছর রমজান মাসে তারাবির নামাজ পড়াতেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার জন্য দায়ী অজ্ঞাত গাড়িটি শনাক্ত করে চালককে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply