লাকসামে ধানক্ষেতে মিললো নিখোঁজের ১০ দিনপর অটো চালকের মরদেহ

লাকসামে ধানক্ষেতে মিললো নিখোঁজের ১০ দিনপর অটো চালকের মরদেহ

রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা প্রতিনিধি


কুমিল্লার লাকসামে নিখোঁজের ১০ দিন পর কাউসার হোসেন (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে লাকসাম থানা পুলিশ।আজ রোববার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার ১ন বাকই ইউনিয়নের ২নং ওয়ার্ড তারাপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে ওই যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

খবর পেয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী ও উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

স্থানীয়রা জানান, বাকই ইউনিয়নের তারাপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে কাউসার গত ৮ অক্টোবর বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে এবং ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁর কোনো সন্ধান পাননি। রোববার সকালে নিজ গ্রামের একটি ধানক্ষেতে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

নিহত কাউসার হোসেন ওই গ্রামের পূর্ব বাড়ির মৃত হাবিবুর রহমানের ছেলে। তাঁর মা আম্বিয়া বেগম। পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁরা চার ভাই ও দুই বোন। কাউসার পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন।

উদ্ধারকাজের সময় মরদেহের পাশ থেকে বস্তাবন্দী বেশ কিছু সিগারেট উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে স্থানীয়রা জানান, সম্প্রতি নিহতের বাড়ির পাশের একটি দোকানে চুরি হয়েছিল। লাশের পাশ থেকে পাওয়া সিগারেটের বস্তাটি সেই চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে লাকসাম থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্তে নেমেছে।

তবে কাউসারের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published.