
স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রাম
কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নে অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের সাতটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল সোমবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ইউনিয়নের উত্তর সাদুয়া দামারহাট গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর, তিনটি রান্নাঘর এবং একটি গোয়ালঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর শিশুসহ মোট ১৫ জন সদস্য বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক ইউনুস আলী জানান, রাত ১টার দিকে রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। ওই সময় বিদ্যুৎ সংযোগ চালু থাকায় মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। উপজেলা সদর থেকে ঘটনাস্থল বেশ দূরে হওয়ায় ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই সবকিছু পুড়ে যায়। স্থানীয় প্রতিবেশীরা এগিয়ে এলেও আগুনের তীব্রতায় কোনো মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। আগুনে গরু-ছাগল, আসবাবপত্র ও পরনের কাপড়চোপড়সহ সর্বস্ব পুড়ে গেছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, বাড়ির ভিটেমাটি ছাড়া তাদের আর কোনো সম্বল নেই। পরিবারের সদস্যরা সবাই দিনমজুর। সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে।
এ বিষয়ে জানতে চাইলে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম আরিফ বলেন, “দুপুর ২টার পর ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন দৈনিক ‘বায়ান্নর আলো’র প্রকাশক, সাফা গ্রুপের চেয়ারম্যান এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও উলিপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুস সোবহান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন, তাদের হাতে নগদ অর্থ ও কম্বল তুলে দেন এবং সাধ্যমতো আরও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Leave a Reply