পারমিতা চৌধুরী (মৌ)
মানুষ—
মানুষ হিসেবে মূল্যায়ণ পাক,
নাম দিয়ে নয়, পরিচয় দিয়ে নয়,
ধর্ম, বর্ণ, লিঙ্গ, সম্পর্কের শৃঙ্খল দিয়ে নয়।
কেউ কারো দেবতা নয়, কেউ কারো দাস নয়,
আমরা সবাই শুধু কিছু ক্ষণস্থায়ী শ্বাসের সমষ্টি।
তবু মানুষ মানুষকে মাপে—
ধর্ম দিয়ে, টাকা দিয়ে, শরীর দিয়ে,
সমাজে তার অবস্থান দিয়ে।
কিন্তু হৃদয়ের শুদ্ধতা মাপবে কি দিয়ে?
একজন পতিতা, একজন সাধ্বী,
একজন অপরাধী, একজন সন্ন্যাসী
একজন রাজা, একজন দাসী
সবার ভেতরে একই রক্ত,
একই ভাঙন, একই একাকীত্ব।
মানুষ শুধু মানুষ হোক,
মানুষ শুধু মানুষের জন্য হোক,
এই পৃথিবীতে এটাই হয়তো
সবচেয়ে কঠিন প্রার্থনা।
ভাঙা আত্মার কথায় কান দাও,
নীরবতার স্রোত শোনো,
আত্মশুদ্ধির মালা গলায় পরো।
যেখানে কেউ কথা বলে না,
সেখানে সত্যে পৌঁছানো যায়।
একটি হৃদয়কে মূল্য দাও,
নামে নয়, অবস্থানে নয়, শুধু অনুভবে।
অবস্থান দিয়ে গণনা করতে পারবে সবাই,
অনুভব করতে পারে খুব কম মানুষ।
অন্যায়, বঞ্চনা, পরিত্যাগ—
সবই শেষ পর্যন্ত মানুষের ভিতরে জমে।
যদি তুমি তাকে মানুষ হিসেবেই দেখো,
তাহলে সেই জমা অন্ধকার প্রদীপ হয়ে জ্বলে,
প্রতিটি ভাঙা স্বপ্নের জন্য।
প্রতিটি ভাঙা জীবনের জন্য।
তোমার জন্য,
আমার জন্য,
আমাদের জন্য।

Leave a Reply