
মোঃ নাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর লক্ষীপুরা এলাকায় গভীর নলকূপ স্থাপন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বিকেলে লক্ষীপুরা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় স্থানীয়দের পানির সমস্যা সমাধানে গভীর নলকূপ স্থাপনের পাশাপাশি এলাকার বিভিন্ন উন্নয়ন, শিক্ষা, মাদক নির্মূল ও নাগরিক সেবার বিষয়ে আলোচনা করা হয়।গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আহাম্মদ আলী রুজদীর সভাপতিত্বে এবং মহানগর কৃষক দলের সহ-সভাপতি আইন উদ্দিন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আব্দুল করিম।
প্রধান অতিথির বক্তব্যে শওকত হোসেন সরকার বলেন, “জনসেবার অংশ হিসেবে লক্ষীপুরা এলাকায় একটি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। নগরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করতে গাজীপুর সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে।”তিনি আরও বলেন, “তারেক জিয়ার নির্দেশনায় গাজীপুর সিটি কর্পোরেশনকে একটি ক্লিন ও গ্রিন সিটি হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করব। ইতোমধ্যে সিটি কর্পোরেশন এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে নগরীর বিভিন্ন এলাকার সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
শওকত হোসেন সরকার বলেন, নাগরিকদের মৌলিক সুবিধা নিশ্চিত করা সিটি কর্পোরেশনের অন্যতম দায়িত্ব। নিরাপদ পানি, পরিচ্ছন্নতা, সড়ক উন্নয়নসহ নাগরিক সেবার মানোন্নয়নে সংশ্লিষ্টদের নিয়ে সমন্বিতভাবে কাজ করা হবে।
প্রধান আলোচকের বক্তব্যে সাবেক মেয়র আব্দুল করিম বলেন, “মাদক আমাদের এলাকার একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মাদক নির্মূলে আমরা সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলছি। ইতোমধ্যে অনেক মাদক ব্যবসায়ীকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।”
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় গাজীপুর সদর মেট্রো থানার সহসভাপতি ও কাজী আজিম উদ্দিন কলেজের সাবেক জিএস মোস্তফা নীনা বলেন, “সরকারের ছয় মাসের কার্যক্রম, অর্জন ও আগামী দিনের পরিকল্পনা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এলাকার মানুষের প্রয়োজন ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন।”লক্ষীপুরা এলাকায় গভীর নলকূপ স্থাপন করায় সিটি প্রশাসককে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “এই এলাকার লক্ষীপুরা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বিদ্যালয়টি সরকারি করার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য প্রশাসকের কাছে জোরালো অনুরোধ জানাচ্ছি।”
মতবিনিময় সভায় বক্তারা এলাকার পানি সংকট, মাদক, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, পরিচ্ছন্নতা ও নাগরিক সেবার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। একই সঙ্গে এসব সমস্যা সমাধানে সিটি কর্পোরেশনের কার্যকর উদ্যোগ কামনা করেন স্থানীয়রা।সভায় আরও বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হালিম মোল্লা, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক বাপ্পি দে, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ইমরান হোসেন আরিফসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। সভা শেষে স্থানীয়দের ব্যবহারের জন্য স্থাপিত গভীর নলকূপের কার্যক্রম পরিদর্শন করেন অতিথিরা।

Leave a Reply