
কয়রা(খুলনা)প্রতিনিধি
খুলনার কয়রায় জামায়াতে ইসলামীর এক কর্মীকে সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (এপিএস) হিসেবে উল্লেখ করে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় পর্যায়ে অনুসন্ধানে জানা গেছে, আবু ওবায়দা নামে ওই ব্যক্তি কোনো এপিএস নন, তিনি জামায়াতে ইসলামীর একজন সাধারণ কর্মী। স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ মে কয়রা উপজেলা পরিষদ হলরুমে খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে উপজেলার সাতটি ইউনিয়নের ২১০ জন অসহায়, দুস্থ ও বেকার মানুষের মাঝে ৪ লাখ ৩৫ হাজার টাকা বিতরণ করেন। এ সময় উপকারভোগীদের তালিকাও উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।
সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে অভিযোগ করা হয়, ত্রাণ তহবিলের অর্থ সংসদ সদস্যের আত্মীয়স্বজন ও দলীয় লোকজনের মধ্যে বিতরণ করা হয়েছে। একই সঙ্গে আবু ওবায়দাকে সংসদ সদস্যের এপিএস হিসেবে উল্লেখ করা হয়। তবে অনুসন্ধানে জানা গেছে, সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদের কোনো এপিএস নেই। আবু ওবায়দা জামায়াতে ইসলামীর কয়রা সদর ইউনিয়নের একজন কর্মী। তিনি খুলনা সরকারি বিএল কলেজ থেকে ইংরেজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এবং বর্তমানে বেকার। দলীয় কর্মী হিসেবে তিনি বিভিন্ন সময় সংসদ সদস্যকে সহযোগিতা করে থাকেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। উপকারভোগীদের তালিকা পর্যালোচনা ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, আব্দুর রহমান বাবু, আবু ওবায়দা, রবিউল ইসলাম, হাফেজ মুজাহিদুল ইসলাম ও মাহমুদুল হাসান প্রত্যেকে ৪ হাজার টাকা করে পেয়েছেন। এছাড়া আলতাফ হোসেন পেয়েছেন ৩ হাজার টাকা এবং বাকি ২০৬ জন উপকারভোগী প্রত্যেকে ২ হাজার টাকা করে সহায়তা পেয়েছেন। উপকারভোগীরা জানান, তারা নির্ধারিত অর্থ স্বাক্ষরের মাধ্যমে গ্রহণ করেছেন।
অনুসন্ধানে আরও জানা যায়, তালিকাভুক্ত ৬ নম্বরে ছাত্রশিবিরের কয়রা উওর শাখার সভাপতি আসমাতুল্লাহ ও ১০ নম্বরে সাথী শাখার সভাপতি মাজহারুল ইসলাম উওর বেদকাশী ইউনিয়নের পাথরখালী ও কাটকাটা গ্রামের বাসিন্দা। মাজহারুল ইসলামের কোন মৎস্য ঘের নেই এবং তাদের উভয়ের পরিবার আর্থিকভাবে অসচ্ছল বলে জানিয়েছেন উওর বেদকাশী ইউনিয়নের চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম। এছাড়া এমপির ভাগ্নে আহসান হাবীব একজন এতিম। সে দিনমজুরের কাজ করে সংসার খরচের যোগান দেয় বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য অশোক কুমার শীল।
খুলনা জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা এমরান হুসাইন বলেন,জামায়াতে ইসলামীর এমপিরা কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে চেষ্টা করছে। তবে রাজনৈতিক উদ্দেশ্য মিথ্যা তথ্য ছড়িয়ে চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে। এই ধরনের কার্যক্রম বন্ধে সাংবাদিকদের আরও পেশাদারিত্বের পরিচয় দিতে হবে।

Leave a Reply