বাউবির ২০২৬–২০২৭ অর্থবছরের মূল এবং ২০২৫–২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেট অনুমোদন

বাউবির ২০২৬–২০২৭ অর্থবছরের মূল এবং ২০২৫–২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেট অনুমোদন

নজমুল হক, গাজীপুর


বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) বোর্ড অব গভর্নরস (বিওজি)-এর ২০১তম (বিশেষ) সভায় বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ অর্থবছরের সংশোধিত পরিচালন ও উন্নয়ন বাজেট এবং ২০২৬–২০২৭ অর্থবছরের মূল পরিচালন ও উন্নয়ন বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান-এর সভাপতিত্বে গত ২৮ জুন ২০২৬ তারিখ রবিবার সন্ধ্যায় উপাচার্যের ঢাকাস্থ কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত বোর্ড অব গভর্নরসের ২০১তম (বিশেষ) সভায় এ অনুমোদন দেওয়া হয়।বোর্ড অব গভর্নরস (বিওজি)-এর সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের শিক্ষা সচিব জনাব আব্দুল খালেক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য সচিব জনাব মাহবুবা ফারজানা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক মোঃ লুৎফর রহমান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোঃ মোর্শেদ হাসান খানসহ বোর্ড অব গভর্নরস এর অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


এর আগে উপাচার্য ট্রেজারারের অতিরিক্ত দায়িত্বে অর্থ কমিটির ১৫৯তম সভায় বাউবির ২০২৫-২০২৬ অর্থ বছরের সংশোধিত পরিচালন ও উন্নয়ন বাজেট এবং ২০২৬-২০২৭ অর্থ বছরের মূল পরিচালন ও উন্নয়ন বাজেট উপস্থাপন করেন। অর্থ কমিটি বাজেট পর্যালোচনা করে সর্ব সম্মতিক্রম বোর্ড অব গভর্নরসের অনুমোদনের জন্য সুপারিশ করে। অর্থ কমিটির ১৫৯তম সভার সুপারিশক্রমে বোর্ড অব গভর্নরস এর ২০১তম (বিশেষ) সভায় বাউবির ২০২৫–২০২৬ অর্থবছরের সংশোধিত পরিচালন বাজেট ২৬,২৮০.৩৮ লক্ষ টাকা ও উন্নয়ন বাজেট ১৫৯.৭৬ লক্ষ টাকা এবং ২০২৬–২০২৭ অর্থবছরের মূল পরিচালন বাজেট ৩২,৫৬৯.৫০ লক্ষ টাকা ও উন্নয়ন বাজেট ৩,৫০০.০০ লক্ষ টাকা সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়েছে।


 বাউবি উপাচার্য ও ট্রেজারার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান তাঁর বাজেট বক্তৃতায় বলেন, “বিগত তিন দশক ধরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দেশের প্রান্তিক ও কর্মজীবী মানুষের পাশাপাশি প্রবাসে অবস্থানরত বাংলাদেশি ভাই-বোনদের দূরশিক্ষণের মাধ্যমে উচ্চশিক্ষার আলো ছড়িয়ে দিয়ে আসছে। সময়ের দাবিতে বাউবি-র এই বিশাল নেটওয়ার্ককে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও আধুনিক ডিজিটাল প্রযুক্তিসমৃদ্ধ একটি স্মার্ট, গবেষণামুখী শিক্ষা ব্যবস্থায় রূপান্তর করা হচ্ছে; যার দূরদর্শী বাস্তবায়ন হিসেবে ইতিমধ্যে কারিগরি শিক্ষার প্রসারে ‘ITVET’ প্রতিষ্ঠা করা হয়েছে।”তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত এবং ২০২৬-২০২৭ অর্থবছরের মূল বাজেটটি এই লক্ষ্যকে সামনে রেখেই অত্যন্ত সুচারুভাবে প্রণয়ন করা হয়েছে। অর্থ কমিটির সুচিন্তিত নির্দেশনায় তৈরি এই বাজেট বাউবি-র ভবিষ্যৎ উন্নয়ন, প্রযুক্তিগত রূপান্তর ও উন্নত গবেষণার পথকে যেমন প্রশস্ত করবে, তেমনি দক্ষ মানবসম্পদ তৈরিতেও অনবদ্য ভূমিকা রাখবে। এই বাজেট অনুমোদনের ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, প্রযুক্তিনির্ভর সেবা ও অবকাঠামোগত কার্যক্রমে এক নতুন গতিশীলতা সঞ্চার হবে। সর্বোপরি, এই মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের দোরগোড়ায় বিশ্বমানের ডিজিটাল শিক্ষাসেবা পৌঁছে দেওয়া আরও সহজ ও সমৃদ্ধ হবে।”

Leave a Reply

Your email address will not be published.