মাদ্রাসায় পানির মোটর স্থাপন, দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকটের অবসান

মাদ্রাসায় পানির মোটর স্থাপন, দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকটের অবসান

মো: জনি হাসান

গাজীপুরের শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের পূর্ব গাজীপুর ফুরকানিয়া মাদ্রাসায় দীর্ঘদিন ধরে বিশুদ্ধ খাবার পানির সংকটে ভুগছিলেন ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং আশপাশের সাধারণ মানুষ। নিরাপদ পানির অভাবে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হওয়ার পাশাপাশি অজু, দৈনন্দিন ব্যবহার ও খাবার পানির জন্য চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে উদ্বেগ বিরাজ করছিল।

স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে ২নং গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলাম মানবিক দায়িত্ববোধ থেকে দ্রুত উদ্যোগ গ্রহণ করেন। তাঁর ব্যক্তিগত অর্থায়নে মাদ্রাসা প্রাঙ্গণে একটি পানির মোটর স্থাপন করা হয়। মোটরটি চালু হওয়ার পর মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং আশপাশের এলাকাবাসী সহজেই বিশুদ্ধ খাবার পানি সংগ্রহ করতে পারছেন। এতে দীর্ঘদিনের পানির সংকটের অবসান হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে তারা নিরাপদ পানির অভাবে নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। পানির মোটর স্থাপনের ফলে সেই দুর্ভোগ অনেকটাই দূর হয়েছে। মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরাও এ উদ্যোগকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক উল্লেখ করে আলহাজ্ব আমিনুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের মতে, বিশুদ্ধ পানির ব্যবস্থা হওয়ায় শিক্ষা কার্যক্রম পরিচালনা এবং দৈনন্দিন প্রয়োজন মেটানো এখন অনেক সহজ হয়েছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলাম বলেন, জনগণের সমস্যা সমাধানই আমার অঙ্গীকার। মানুষের কষ্ট লাঘবে আমি সবসময় পাশে থাকতে চাই। ভবিষ্যতেও এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও মৌলিক সেবার উন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব, ইনশাআল্লাহ।

এলাকাবাসীর প্রত্যাশা, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে এবং সাধারণ মানুষের মৌলিক সমস্যা সমাধানে সমাজের বিত্তবান ব্যক্তি ও জনপ্রতিনিধিরা আরও এগিয়ে আসবেন। তাদের মতে, ফুরকানিয়া মাদ্রাসায় বিশুদ্ধ পানির এই ব্যবস্থা শুধু একটি প্রতিষ্ঠানের নয়, বরং পুরো এলাকার মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় উদ্যোগ।

Leave a Reply

Your email address will not be published.