
মাহমুদুল হাসান চন্দন:
‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘জাতীয় ফল মেলা-২০২৬’। ভেড়ামারা উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা কৃষি অফিস চত্বরে এই মেলার আয়োজন করা হয়েছে।
৯ জুলাই সকালে ফিতা কাটার মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই ফল মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আমিরুল আরাফাত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ডা. গাজী আশিক বাহার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা নাজবিন নাহার সহ কর্মকর্তাবৃন্দ।
মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, রকমারি দেশীয় ফলের সমাহারে সেজেছে বিভিন্ন স্টল। আকর্ষণীয় ও দৃষ্টিনন্দনভাবে ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশের ফল পরিচিতি। মেলার মূল আকর্ষণ হিসেবে দর্শনার্থীদের নজর কাড়ছে বিশাল আকৃতির পুষ্টিকর কাঁঠাল, সুমিষ্ট আম, জাম, লটকন এবং ড্রাগনসহ নানা পুষ্টিকর ফল। ফল চাষের আধুনিক প্রযুক্তি ও বারো মাস ফল সংরক্ষণের বিভিন্ন বৈজ্ঞানিক উপায় নিয়েও স্টলগুলোতে তথ্য প্রদর্শন করা হচ্ছে।
উদ্বোধনী সভায় বক্তারা বলেন, দেশের পুষ্টির চাহিদা মেটাতে এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে ফল চাষের কোনো বিকল্প নেই। শুধু চাষ করলেই হবে না, আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে উৎপাদিত ফল বারো মাস সংরক্ষণ করার ওপর জোর দিতে হবে।
প্রথম দিনেই মেলা প্রাঙ্গণে দর্শনার্থী ও ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। বিশেষ করে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। খুদে শিক্ষার্থীরা মেলায় এসে দেশের নানা প্রান্তের ফলের পরিচিতি ও চাষ পদ্ধতি সম্পর্কে বাস্তব জ্ঞান লাভ করছে। আগামী ১১ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

Leave a Reply