
প্রতিবেদক মোঃ রাকিব হোসেন
গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। ইউনিয়ন পরিষদের প্রশাসক ও শ্রীপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহবুব আলমকে প্রশাসকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলে ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এস. এম. নাজমুল আমিন।
গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। অফিস আদেশে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদকে সচল রেখে জনসেবা অব্যাহত রাখার লক্ষ্যে এ পরিবর্তনের কথা উল্লেখ করা হয়েছে।আদেশে বলা হয়েছে, স্থানীয় সরকার বিভাগ, ইউপি-১ শাখা, ঢাকা থেকে জারি করা সংশ্লিষ্ট পরিপত্রের নির্দেশনার আলোকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ১০১ ও ১০২ ধারা অনুযায়ী ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য ক্ষমতা অর্পণ করা হয়েছে।
অফিস আদেশে গাজীপুর ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে জনাব এস. এম. নাজমুল আমিন, সহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শ্রীপুর, গাজীপুরের নাম উল্লেখ করা হয়েছে।একই আদেশে বলা হয়েছে, গাজীপুর ইউনিয়ন পরিষদের দায়িত্বে থাকা প্রশাসক মোঃ মাহবুব আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, শ্রীপুরকে ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হলো।ফলে গাজীপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনায় নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে এস. এম. নাজমুল আমিন দায়িত্ব পালন করবেন।
অফিস আদেশে আরও উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার সহকারী পরিচালক নূর নাহিন নিশাত স্বাক্ষরিত এ অফিস আদেশের অনুলিপি সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এর মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়, স্থানীয় সরকার শাখা, গাজীপুরের উপপরিচালক, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসের কর্মকর্তা এবং গাজীপুর ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের অবগতির জন্য আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, গাজীপুর ইউনিয়ন পরিষদের জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থেই নতুন করে আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব অর্পণ করা হয়েছে।

Leave a Reply