
মাহমুদুল হাসান চন্দন
মা ইলিশ সংরক্ষণ ও প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য দপ্তর। অভিযানে ইলিশ ধরার নৌকা বা জাল পাওয়া না গেলেও প্রাকৃতিক মৎস্যসম্পদ ধ্বংসকারী ৫২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। জব্দ করা এসব জালের আনুমানিক মূল্য ৩ লাখ ৬৪ হাজার টাকা।
শনিবার (১০ অক্টোবর) মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভেড়ামারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশেদ হাসান। এ সময় মৎস্যবীজ উৎপাদন খামার, ভেড়ামারার খামার ব্যবস্থাপক মো. আমান উল্লাহ উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে পদ্মা নদীতে ইলিশ ধরার কোনো নৌকা বা জাল পাওয়া যায়নি। তবে নদীর প্রাকৃতিক মৎস্যসম্পদের জন্য ক্ষতিকর ৫২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারী এবং স্থানীয় জনগণ সার্বিক সহযোগিতা করেন।
মৎস্যসম্পদ সংরক্ষণ, ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং নদীর জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। জনস্বার্থে অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা মৎস্য দপ্তর।

Leave a Reply