
আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর)
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের বিস্তৃত ফসলের মাঠে এখন শুধুই নতুন সম্ভাবনার বার্তা। মাঠের পর মাঠ সবুজ ধানের গাছে উঁকি দিতে শুরু করেছে কাঙ্ক্ষিত ধানের শীষ। সবুজ পাতার মধ্য থেকে বের হওয়া নতুন শীষে শোভা পাচ্ছে ছোট ছোট সাদা ফুল, যা এলাকার কৃষকদের মনে জাগাচ্ছ এক দারুণ ফলনের আশা।
সরেজমিনে টেংরা গ্রামের মাঠ ঘুরে দেখা যায়, সবুজ ধান খেতের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু বাতাসে দোল খাচ্ছে কচি ধানের গাছ। অধিকাংশ খেতেই গাছে গাছে নতুন শীষ বের হতে শুরু করেছে। ধানের শীষে পরাগায়ন ও ফুল ফোটার এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় কৃষক ভাইয়েরা মাঠের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। খেতের আগাছা পরিষ্কার, প্রয়োজনীয় সেচ প্রদান এবং পোকা-মাকড় দমনে দিনরাত শ্রম দিয়ে যাচ্ছেন তারা।
স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা যায়, আবহাওয়া অনুকূলে থাকলে এবং শেষ পর্যন্ত কোনো বড় ধরণের প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে এ বছর ধানের আশাতীত বাম্পার ফলন হবে। খেতের ধান গাছের এমন সতেজ ও সজীব চেহারা দেখে দারুণ উল্লসিত তারা।
উপজেলা কৃষি বিভাগের মতে, ধান গাছে শীষ আসার এবং ফুল ফোটার এই সুনির্দিষ্ট সময়ে জমিতে প্রয়োজনীয় পানি ধরে রাখা অত্যন্ত জরুরি। সঠিক সময়ে সুষম পরিচর্যা ও তদারকি বজায় রাখতে পারলে চলতি মৌসুমে টেংরা গ্রামের কৃষকরা তাদের কাঙ্ক্ষিত ফসল ঘরে তুলতে পারবেন।

Leave a Reply