
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা সদর উপজেলার ১২ নং কামারজানী ইউনিয়নের বাটিকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের দীর্ঘদিনের জরাজীর্ণ ও চলাচলের অনুপযোগী রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিয়েছেন স্থানীয় এলাকাবাসী। জনস্বার্থে নেওয়া এই উদ্যোগে স্থানীয় মানুষের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন ১২ নং কামারজানী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ গোলাম আজম।
সম্প্রতি তিনি সরেজমিনে রাস্তা পরিদর্শন করেন এবং এলাকাবাসীর সঙ্গে স্বেচ্ছাশ্রমে সংস্কার কার্যক্রমে অংশ নেন। দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল বলে স্থানীয়রা জানান।
এদিকে, এই জনকল্যাণমূলক কাজে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন ৪ নং ওয়ার্ড (কড়াইবাড়ি) মেম্বার পদপ্রার্থী মোঃ রফিকুল ইসলাম (স্বপন) এবং বর্তমান ওয়ার্ড সদস্য মোঃ সেকেন্দার আলী। তাদের সহযোগিতায় স্থানীয়দের অংশগ্রহণে রাস্তা সংস্কারের কাজ এগিয়ে চলছে।
এলাকাবাসী জানান, জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দের এমন জনসেবামূলক উদ্যোগ প্রশংসনীয়। তারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত স্থায়ী ও টেকসইভাবে রাস্তাটি সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, যাতে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটে।
স্থানীয়দের মতে, জনস্বার্থে সবাইকে নিয়ে এমন সম্মিলিত উদ্যোগ এলাকার উন্নয়ন ও সামাজিক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

Leave a Reply