ফুলপুরে বদলে যাচ্ছে যাত্রীসেবা, নতুন বাস-বে উদ্বোধন

ফুলপুরে বদলে যাচ্ছে যাত্রীসেবা, নতুন বাস-বে উদ্বোধন

আতাউর রহমান

ময়মনসিংহের ফুলপুরে নতুন নির্মিত বাস-বে’র শুভ উদ্বোধন করেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এসএম হুমায়ূন কবির সরকার। একই সঙ্গে তিনি উপজেলার গুরুত্বপূর্ণ ‘লাভ চত্বর’ পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

বুধবার (২ সেপ্টেম্বর) বিভাগীয় কমিশনার ফুলপুরে পৌঁছে প্রথমে নতুন বাস-বে’র উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি বাস-বে’র বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং এর ব্যবস্থাপনা, যাত্রীসেবা ও জনসাধারণের চলাচলের সুবিধাসহ সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে খোঁজখবর নেন।

নতুন বাস-বে চালু হওয়ায় ফুলপুরে যানবাহন চলাচলে শৃঙ্খলা আরও বাড়বে এবং যাত্রীদের নির্ধারিত স্থানে নিরাপদে বাসে ওঠানামার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। একই সঙ্গে সড়কে যানজট কমানো এবং সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে বাস-বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

পরে বিভাগীয় কমিশনার উপজেলার ‘লাভ চত্বর’ পরিদর্শন করেন। এ সময় তিনি চত্বরটির সার্বিক পরিবেশ, সৌন্দর্যবর্ধন, ব্যবস্থাপনা ও জনসাধারণের ব্যবহারসহ বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে প্রয়োজনীয় বিষয় নিয়ে কথা বলেন এবং এলাকার উন্নয়ন, পরিচ্ছন্নতা ও জনবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

বিভাগীয় কমিশনারের ফুলপুর সফরকে ঘিরে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা, সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. সিদ্দিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক একেএম সিরাজুল হক, পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আমিনুল হক, সদস্য সচিব মাহবুবুর রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোজ্জামেল হক রুবেল, যুগ্ম আহ্বায়ক একেএম সাদেকুল হক সাদেক এবং উপজেলা যুবদলের সভাপতি সানোয়ার হোসেন খানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, ফুলপুরে নতুন বাস-বে উদ্বোধনের ফলে দীর্ঘদিনের অনিয়ন্ত্রিতভাবে বাস থামানো ও যাত্রী ওঠানামার কারণে সৃষ্ট ভোগান্তি অনেকটাই কমতে পারে। নির্দিষ্ট স্থানে বাস থামানো নিশ্চিত করা গেলে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখার পাশাপাশি যাত্রীদের নিরাপত্তাও বাড়বে।

পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার এসএম হুমায়ূন কবির সরকার ফুলপুরের সার্বিক উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং জনসাধারণের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে সরকারি সেবার মান আরও উন্নত করার আহ্বান জানান।

বিভাগীয় কমিশনারের এ সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। নতুন বাস-বে উদ্বোধন এবং লাভ চত্বর পরিদর্শনের মধ্য দিয়ে ফুলপুরের অবকাঠামোগত উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে নতুন গতি আসবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published.