
স্টাফ রিপোর্টার, মোঃ রেজাউল হক কুড়িগ্রাম
কুড়িগ্রামের রাজারহাটে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। পূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি ও সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম।
সভায় বক্তব্য দেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সদস্য সচিব সাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. কফিল উদ্দিন, উপজেলা এনসিপির সদস্য সচিব অ্যাডভোকেট সাজ্জাদুর রহমান সাগর,প্রেসক্লাব রাজারহাটের সভাপতি আবদুল কুদ্দুস,উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নিতাই চন্দ্র রায়, সদস্য সচিব রতন কুমার অর্ঘ্য, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের আহ্বায়ক সুশীল চন্দ্র সরকার ও সদস্য সচিব সুমন কুমার রায়সহ সংশ্লিষ্টরা।
সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে উপজেলার প্রতিটি পূজামণ্ডপে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দুর্গাপূজাকে সর্বজনীন ও আনন্দঘন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি এবং স্থানীয় জনগণের সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন তারা।
সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তা, সড়ক যোগাযোগ এবং দর্শনার্থীদের নিরাপদ চলাচলসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ তাদের প্রস্তুতি ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।#

Leave a Reply