কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত,সিসিটিভি স্থাপন ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ

কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত,সিসিটিভি স্থাপন ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ

মোঃ নাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি


গাজীপুরের কালীগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন। সভাটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার।সভায় দুর্গাপূজাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার, বিদ্যুৎ সরবরাহ, যানজট নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন বলেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। পুলিশ, আনসার ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে মনিটরিং টিম গঠন করা হচ্ছে। গুরুত্বপূর্ণ পূজামণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।তিনি আরও বলেন, নারী ও শিশু দর্শনার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। দুর্গোৎসব চলাকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।


এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও উসকানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকবে বলেও সভায় জানানো হয়।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদ, গাজীপুর পল্লী বিদ্যুৎ কালীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মুহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আশরাফুল ইসলাম, কালীগঞ্জ পৌরসভার সচিব শ্যামল কুমার দত্ত, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.