
আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে বাসা পরিবর্তনের সময় এক পোশাকশ্রমিক নারীকে জিম্মি করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ সময় তাঁর স্বামীকে একটি কক্ষে আটকে রাখা হয় বলে ভুক্তভোগীর স্বজনরা জানিয়েছেন। সোমবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের হান্নু মার্কেট এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নারী শেরপুরের ঝিনাইগাতী উপজেলার অধিবাসী। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় সুইং অপারেটরের সহকারী হিসেবে কাজ করেন এবং দীর্ঘদিন ধরে হান্নু মার্কেট এলাকায় জনৈক হারুন মিয়ার বাসায় ভাড়া থাকতেন।
ঘটনার বিবরণ দিয়ে ভুক্তভোগীর স্বজনরা জানান, তিন মাসের বকেয়া বাড়িভাড়া পরিশোধ করে তাঁরা সোমবার রাতে বাসা পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছিলেন। মালামাল নিয়ে ভাড়া করা গাড়িতে ওঠার সময় স্থানীয় চার ব্যক্তি এসে তাঁদের পথরোধ করেন। প্রথমে তাঁরা বাড়িভাড়া পরিশোধের বিষয়ে কৈফিয়ত চান। পরে বাড়ির মালিকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বকেয়া ভাড়া প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন।
এরপরও ওই ব্যক্তিরা মালামালসহ গাড়িটি আটকে রেখে তা ছাড়ার বিনিময়ে ৪০ হাজার টাকা দাবি করেন বলে অভিযোগ পাওয়া গেছে। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগীর স্বামীকে একটি কক্ষে আটকে রাখা হয়। পরে নারীকে অন্য একটি কক্ষে নিয়ে চারজন মিলে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন।
স্বজনরা আরও জানান, ভুক্তভোগী নারী অভিযুক্তদের মধ্যে দুজনকে চিনতে পেরেছেন। তাঁরা হলেন—গাজীপুর ইউনিয়নের হান্নু মার্কেট এলাকার সুলতান সুরির ছেলে নয়ন এবং ফারুক নামের এক স্থানীয় ব্যক্তি। বাকি দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার পর থেকে অভিযুক্তরা আত্মগোপনে রয়েছেন। স্বজনরা ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply