
অনলাইন ডেস্ক
ব্যাংক কর্মকর্তা পরিচয়ে ফোন করে মোবাইলের ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) হাতিয়ে নিয়ে ব্যাংক হিসাব থেকে টাকা স্থানান্তরের অভিযোগ উঠেছে প্রতারক চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় পল্লী সঞ্চয় ব্যাংকের ঢাকা আঞ্চলিক অডিট দলের সদস্য জুনিয়র কর্মকর্তা হামিদ মিয়া আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। প্রাথমিকভাবে তাঁর ব্যাংক হিসাব থেকে ২৪ লাখ টাকা স্থানান্তরের তথ্য পাওয়া গেছে।
পরিবার সূত্রে জানা যায়, ঢাকার পূর্বাচল এলাকার বাসিন্দা হামিদ মিয়া তাঁর বাবার রেখে যাওয়া সম্পদ বিক্রি করে পাওয়া অর্থের একটি অংশ দিয়ে জমি কেনেন। বাকি অর্থ ডাচ্-বাংলা ব্যাংকে জমা রাখেন। সেই ব্যাংক হিসাব থেকেই প্রতারকেরা টাকা সরিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।
হামিদ মিয়ার ভাষ্য অনুযায়ী, গত রাত ৩টার পর থেকে তাঁর ব্যাংক হিসাব থেকে টাকা স্থানান্তর শুরু হয়। এর আগে প্রতারক চক্রের সদস্যরা তাঁকে ফোন করে নিজেদের ডাচ্-বাংলা ব্যাংকের কর্মকর্তা পরিচয় দেয়। কথোপকথনের একপর্যায়ে কৌশলে তাঁর মোবাইলে আসা ওটিপি সংগ্রহ করে তারা।
এরপর ব্যাংক হিসাবের নিয়ন্ত্রণ নিয়ে দফায় দফায় টাকা স্থানান্তর করতে থাকে প্রতারকেরা। বিষয়টি বুঝতে পেরে হামিদ মিয়া ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। পরে কর্তৃপক্ষের সহযোগিতায় হিসাবটির লেনদেন বন্ধ করা হয়।
হামিদ মিয়া জানান, ব্যাংকের কর্মকর্তা পরিচয়ে তাঁকে ফোন করা হয়েছিল। কথোপকথনের একপর্যায়ে তাঁর কাছ থেকে ওটিপি নেওয়া হয়। এরপর থেকেই হিসাব থেকে টাকা স্থানান্তর হতে থাকে।
ঘটনায় প্রাথমিকভাবে ২৪ লাখ টাকা স্থানান্তরের তথ্য পাওয়া গেলেও মোট কত টাকা খোয়া গেছে, তার কতটুকু উদ্ধার করা সম্ভব হয়েছে সে বিষয়ে তদন্ত এবং আইনগত পদক্ষেপ চলমান রয়েছে।

Leave a Reply