
গাজীপুর প্রতিনিধিঃ
দৈনিক কালবেলার গাজীপুর প্রতিনিধি সাংবাদিক মহিন উদ্দিন রিপনকে অপহরণ, নির্যাতন, চাঁদা দাবি ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের মামলার সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন সাংবাদিক নেতারা। এ সময়ের মধ্যে ঘটনার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করা না হলে সারাদেশে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা দিয়েছেন তারা।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে টঙ্গী সরকারি হাসপাতালের সামনে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এর আগে, টঙ্গী বাজার এলাকা থেকে সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এ কে এম আজিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবালের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, বিএনপি নেতা বি এম শামীম, সংগঠনের সহসভাপতি কামাল হোসেন, গাজীপুর মিডিয়া ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান জিলানী, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মো. নাজমুল বারী চৌধুরী, সহসভাপতি আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক সফিউদ্দিন খান, সাংবাদিক মামুন হাসান, রোমান হোসাইন, সুজন সারওয়ার, মোহাম্মদ শামীম রেজা, গাজী মামুনসহ বিভিন্ন সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতারা।মানববন্ধনে বক্তারা বলেন, একজন পেশাদার সাংবাদিককে সংবাদ প্রকাশের জেরে অপহরণ, নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। সাংবাদিকরা সমাজের অনিয়ম, দুর্নীতি, মাদক কারবার ও অপরাধমূলক কর্মকাণ্ড তুলে ধরেন। এসব সংবাদ কারও স্বার্থে আঘাত করলে আইনি প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু কোনো সাংবাদিককে তুলে নিয়ে নির্যাতন, চাঁদা দাবি কিংবা হত্যাচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।
মামলার বাদী সাংবাদিক মহিন উদ্দিন রিপনের অভিযোগ, গত ২৬ অক্টোবর দুপুরে গাজীপুরে মাজার বস্তির হোন্ডা রোড এলাকা থেকে একদল সন্ত্রাসী অস্ত্রের মুখে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে তাকে টঙ্গীর হাজি মাজার বস্তি এলাকার একটি স্থানে আটকে রেখে মারধর ও শারীরিক নির্যাতন করা হয়। মাদক ব্যবসা, অপরাধী চক্র ও সন্ত্রাসবিরোধী সংবাদ প্রকাশের জের ধরে পরিকল্পিতভাবে তাকে অপহরণ করা হয়েছে বলে দাবি তার।এ সময় দেশীয় অস্ত্র দিয়ে মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যার চেষ্টা করা হয়। প্রায় তিন ঘণ্টা পর স্থানীয় লোকজনের সহায়তায় তিনি উদ্ধার হন। পরে তাকে টঙ্গীর একটি সরকারি হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় সাংবাদিক মহিন উদ্দিন রিপন নিজে বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করেন।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফ হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply