
মাহমুদুল হাসান চন্দন
কুষ্টিয়া ভেড়ামারা পৌরসভার মধ্যবাজারে স্বর্ণকার পট্টিতে নবনির্মিত বাজারের শেড কোন কাজেই আসছে না। প্রকল্পের মাধ্যমে সরকারের লাখ লাখ টাকা ব্যয় করা হলেও মুখ থুবরে পরে আছে নির্মিত বাজারের শেড। তবে আড্ডা ছাড়া কোন কাজে আসছে না বলে অভিযোগ স্থানীয়দের।
জানা যায়, সাধারণ মানুষের সুবিধার্থে ভেড়ামারা পৌরসভার মধ্য বাজারে রাস্তার পাশে বাজার ছিল। মূল সড়কের সাথে বাজার বসার কারণে জনস্বার্থে নিরাপত্তা ও যানজটমুক্ত করতে বাজারের শেড নির্মাণ কাজের উদ্যোগ নেয়া হয়। বাজার কিছু দিন বসেছিল বেচা কেনাও চলছিল কিন্তু কিছুদিন পরে দেখা যায় বাজারের শেড ফাঁকা পড়ে আছে। যা এখন আর কোন কাজেই আসছে না। ফলে রোদ, বৃষ্টি এবং দূর্যোগ সহনীয় নির্মিত এসব শেড মুখ থুবরে পরে আছে। সরকারের এসব স্থাপনা দেখভালের অভাবে নষ্ট হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ ভেড়ামারা পৌরসভা মধ্যে অবস্থিত হওয়ার পরেও যা কোন কাজে আসছে না। প্রকল্প বাস্তবায়ন করে সরকারের লাখ লাখ টাকায় নির্মিত বাজারের শেড ব্যবহার হচ্ছে না। অপরিকল্পিতভাবে বাজারের শেড গড়ে তোলার কারণে সরকারের অর্থ অপচয় হচ্ছে বলে মন্তব্য করেন স্থানীয়রা। এ বিষয়ে ভেড়ামারা পৌরসভার প্রকৌশলী বিভাগ জানান, সাধারণ মানুষের সুবিধার্থে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের চাহিদার কারনেই এসব বাজারের শেড বাস্তবায়ন করা হয়েছে। এই শেডগুলো সঠিকভাবে ব্যবহার হয় সেই বিষয়ে তদারকি করা প্রয়োজন।

Leave a Reply