
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের মরিচারচালা গ্রামের সাংবাদিক কাজী মো. মকবুল হোসেনের কন্যা মাহমুদা ইয়াসমিন নিপা বাংলাদেশ বেতারের শিল্পী তালিকাভুক্তির অডিশনে লোকসংগীত বিভাগে নির্বাচিত হয়েছেন। তার এ সাফল্যে পরিবার, শিক্ষক, স্বজন, বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। জানা যায়, ছোটবেলা থেকেই সংগীতের প্রতি তার গভীর আগ্রহ ছিল। পারিবারিক উৎসাহের পাশাপাশি লোহাগাছিয়া বাজার বান সংগীত একাডেমিতে সংগীতগুরু প্রবীর কুমার মল্লিকের কাছে তার সংগীতচর্চার হাতেখড়ি হয়। পরে ফকির খালেক সাইজী এবং বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের গীতিকার মোশারফ হোসেন কায়েসের অনুপ্রেরণা ও দিকনির্দেশনায় তিনি সংগীতচর্চা চালিয়ে যান।
দ্বিতীয় শ্রেণিতে অধ্যয়নকাল থেকেই প্ল্যান ইন্টারন্যাশনাল, ওয়ার্ল্ড ভিশন এবং বিভিন্ন আন্তঃস্কুল ও আন্তঃকলেজ সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য অর্জন করেন। পরবর্তীতে দেশের বিভিন্ন সংগীত শিক্ষকের কাছে তালিম নিয়ে বাংলাদেশ টেলিভিশন, বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং দেশের নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে প্রশংসা অর্জন করেন। সম্প্রতি বাংলাদেশ বেতারের শিল্পী তালিকাভুক্তির অডিশনে অংশ নিয়ে লোকসংগীত বিভাগে নির্বাচিত হন মাহমুদা ইয়াসমিন নিপা। তিনি এ অর্জনকে তার সংগীতজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন।শিক্ষাজীবনে তিনি পাজুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রতাপপুর মাধ্যমিক বিদ্যালয়, গাজীপুর সরকারি মহিলা কলেজ, পূবাইল আদর্শ কলেজ এবং ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে অধ্যয়ন করেন। তিনি রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। প্রতিক্রিয়ায় মাহমুদা ইয়াসমিন নিপা বলেন, “ছোটবেলা থেকেই গানকে ভালোবাসি। পরিবারের সহযোগিতা, বাবার অনুপ্রেরণা ও শিক্ষকদের দিকনির্দেশনা এবং সংগীত গুরুদের আন্তরিক প্রশিক্ষণের কারণেই আজকের এই অর্জন সম্ভব হয়েছে। সবার দোয়া ও ভালোবাসা নিয়ে ভবিষ্যতেও ভালো গান উপহার দিয়ে দেশের সাংস্কৃতিক অঙ্গনে অবদান রাখতে চাই।”
স্থানীয় সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা বলেন, মাহমুদা ইয়াসমিন নিপার এই অর্জন গাজীপুরের সাংস্কৃতিক অঙ্গনের জন্য গর্বের বিষয়। তার এ সাফল্য নতুন প্রজন্মকে সংগীতচর্চায় আরও উৎসাহিত করবে।

Leave a Reply