
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রকৃতির সৌন্দর্য বাড়াতে গাজীপুরের শ্রীপুরে দুই শতাধিক শিমুল গাছের চারা রোপণ করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় শ্রীপুর পৌরসভার উজিলাব এলাকার বেন্নাবাইদে উজিলাব–বেন্নাবাইদ আঞ্চলিক সড়কের পাশে এ কর্মসূচির আয়োজন করা হয়।
নদী ও প্রকৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এবং শ্রীপুর পৌরসভার তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়। শিমুলের চারা উৎপাদন ও সরবরাহে সহযোগিতা করে তুলা গবেষণা, প্রশিক্ষণ ও বীজ বর্ধন খামার।
কর্মসূচিতে সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, দেশ, পরিবেশের ভারসাম্য ও প্রকৃতি রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে শ্রীপুরে এ কর্মসূচি নেওয়া হয়েছে। এর আগেও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সড়কের পাশে গাছ লাগানো হয়েছে। ইতিমধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি গণ-আন্দোলনে পরিণত হয়েছে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক নাহিদ ইসলাম ভূঞা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় উপজেলা ও পৌরসভার উদ্যোগে ইতিমধ্যে এক হাজার গাছের চারা রোপণ করা হয়েছে। নদী ও প্রকৃতি ফাউন্ডেশনের উদ্যোগেও বৃক্ষরোপণ করা হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।
তুলা গবেষণা, প্রশিক্ষণ ও বীজ বর্ধন খামারের কটন এগ্রোনোমিস্ট কৃষিবিদ আব্দুল ওহাব বলেন, খামারের উদ্যোগে শ্রীপুরে এ পর্যন্ত ২৭ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে। এর মধ্যে ২৫ হাজার শিমুল ও দুই হাজার মসলিন গাছের চারা রয়েছে।
নদী ও প্রকৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যেই তাঁদের এ উদ্যোগ।
অনুষ্ঠানে শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির, সদস্যসচিব আলহাজ বিল্লাল হোসেন বেপারি, তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মোসলেম উদ্দিন মৃধাসহ স্থানীয় নেতৃবৃন্দ, পরিবেশকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply