শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরো চত্বর এখন আলোকিত, স্বস্তি ফিরল রোগী ও স্বজনদের মাঝে‎

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরো চত্বর এখন আলোকিত, স্বস্তি ফিরল রোগী ও স্বজনদের মাঝে‎

আশিকুর রহমান সবুজ, শ্রীপুর


‎দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঙিনায় আলোর ঝলকানি ফিরেছে। হাসপাতালের মূল ভবনের ভেতরে আলোর সমস্যার সমাধানের পাশাপাশি এবার হাসপাতালের বাউন্ডারির ভেতরের পুরো চত্বরে আধুনিক আলোকব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এর ফলে রাতে হাসপাতাল চত্বরে আসা রোগী, স্বজন এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে স্বস্তি ও নিরাপত্তাবোধ ফিরে এসেছে।

‎​হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হাসপাতালের বাউন্ডারির ভেতরের অন্ধকারাচ্ছন্ন পরিবেশ নিয়ে স্থানীয়রা উদ্বেগের মধ্যে ছিলেন। সন্ধ্যার পর হাসপাতালের প্রাঙ্গণে পর্যাপ্ত আলোর অভাব থাকায় রাতে রোগী ও তাদের স্বজনদের চলাচলে চরম বিড়ম্বনায় পড়তে হতো। বিশেষ করে জরুরি প্রয়োজনে হাসপাতালের এক ভবন থেকে অন্য ভবনে যাতায়াত বা মূল ফটক দিয়ে আসা-যাওয়ার ক্ষেত্রে নিরাপত্তার ঝুঁকি ছিল প্রকট। অবশেষে দীর্ঘ প্রচেষ্টায় পুরো আঙিনা আলোকিত হওয়ায় জনমনে স্বস্তি নেমে এসেছে।

‎​এ বিষয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম বলেন, “হাসপাতাল চত্বর ও এর আঙিনায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকাটা রোগীর নিরাপত্তা ও সেবার পরিবেশের জন্য অত্যন্ত জরুরি। দীর্ঘদিনের এই সমস্যাটি সমাধানে আমরা আন্তরিকভাবে কাজ করেছি এবং আলহামদুলিল্লাহ, এখন পুরো বাউন্ডারির ভেতরে আলোর ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এটি শুধু রোগীদের সুবিধাই বাড়াবে না, বরং হাসপাতালের সামগ্রিক নিরাপত্তা ও পরিবেশকে আরও উন্নত করবে। আমরা সবসময় শ্রীপুরবাসীর উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।”

‎​স্থানীয় সচেতন মহল ও স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা সাধারণ মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, স্বাস্থ্য কমপ্লেক্সের মতো জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এমন আলোকায়ন সেবার মান বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে। আলহামদুলিল্লাহ, এখন রাতের বেলাতেও শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিটি কোণ আলোর রোশনাইয়ে আলোকিত থাকছে।

Leave a Reply

Your email address will not be published.