শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গৌরবোজ্জ্বল সাফল্য- সারাদেশে ৪৩তম ও জেলায় ২য় স্থান অর্জন‎

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গৌরবোজ্জ্বল সাফল্য- সারাদেশে ৪৩তম ও জেলায় ২য় স্থান অর্জন‎

আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি


‎স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও প্রশাসনিক দক্ষতায় এক অনন্য মাইলফলক স্পর্শ করেছে গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সারা দেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে পারফরম্যান্স স্কোরিংয়ের ভিত্তিতে প্রতিষ্ঠানটি ৪৩-তম স্থান এবং গাজীপুর জেলার মধ্যে ২য় স্থান অর্জন করেছে।

‎​হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বর্তমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) এবং শ্রীপুরের কৃতী সন্তান ডা. শফিকুল ইসলাম দায়িত্ব গ্রহণের সময় প্রতিষ্ঠানটির অবস্থান ছিল সারাদেশে ৩১০-তম। এরপর থেকে তাঁর দক্ষ নেতৃত্ব, দূরদর্শী পরিকল্পনা ও কঠোর তদারকির মাধ্যমে সেবার মান, শৃঙ্খলা, আন্তঃবিভাগীয় সমন্বয় ও কর্মপরিবেশের অভাবনীয় উন্নয়ন ঘটে, যার ফলশ্রুতিতে স্বাস্থ্য কমপ্লেক্সটি এক লাফে ৪৩-তম স্থানে উঠে এসেছে।

‎​এই অর্জনের পেছনে গাজীপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ এস. এম. রফিকুল ইসলাম বাচ্চুর নিরবচ্ছিন্ন দিকনির্দেশনা ও পৃষ্ঠপোষকতা বিশেষ ভূমিকা পালন করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

‎​সাফল্যের বিষয়ে ডা. শফিকুল ইসলাম জানান, “এই অর্জন শ্রীপুরবাসীর। এটি কোনো একক ব্যক্তির সাফল্য নয়; হাসপাতালের সকল চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, কর্মকর্তা-কর্মচারীদের নিরলস পরিশ্রম এবং শ্রীপুরের সর্বস্তরের মানুষের আস্থা ও সহযোগিতার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে।”

‎​তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আরও আধুনিক, জনবান্ধব ও উন্নত সেবা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে তাদের এ ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

‎​এই গৌরবময় অর্জনে শ্রীপুর উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.