
নজমুল হক, গাজীপুরঃ
ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে উন্মাদনা। বিশ্বকাপের উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে কারাগারে বন্দি কয়েদিদের মাঝেও৷ এজন্য গাজীপুরের কাশিমপুর কারাগার ও গাজীপুর জেলা কারাগারে বন্দিদের খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। কারা সূত্রে জানা গেছে, কারাগারের বিভিন্ন ওয়ার্ডে স্থাপিত টেলিভিশনের মাধ্যমে বন্দিরা বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো উপভোগ করতে পারবে। কারা কর্মকর্তারা জানান, বন্দিদের বিনোদন ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে নিয়মিত বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম পরিচালনা করা হয়। বিশ্বকাপ ফুটবল খেলা প্রদর্শনের উদ্যোগও তারই অংশ। কারাগারের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রেখে নির্ধারিত সময়সূচি অনুযায়ী বন্দিদের খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন আমাদের কারাগারে খেলা দেখানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টেলিভিশনের সংকট রয়েছে, এজন্য প্রয়োজনে প্রজেক্টরের মাধ্যমে খেলা দেখানো হবে৷ কাশিমপুর কারাগার-২ এর জেলার মো. আবুল হোসেন বলেন, আমাদের কারাগারে সাড়ে ৩ হাজারের মতো কয়েদি রয়েছে। এদের মধ্যে যারা খেলা দেখতে চায় তারা দেখতে পারবে৷ ৯৫ শতাংশ সেলে বিটিভি রয়েছে, সবগুলোতে খেলা দেখার ব্যবস্থা করা হবে৷ গাজীপুর জেলা কারাগারে জেলার জানান,কারাগারে ১৪৪৫ জন বন্দি রয়েছে। বন্দিরা যাতে বিশ্বকাপের খেলা দেখে আনন্দ উপভোগ করতে পারে তার জন্য গাজীপুর জেলা প্রশাসকের পক্ষ থেকে টেলিভিশনের ব্যবস্থা করা ব্যবস্থা হবে। গাজীপুর জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, কারাগারে বন্দিরাও খেলা দেখবে৷ ইতোমধ্যে জেলা কারাগার ও কাশিমপুর কারাগারে খোঁজ নেওয়া হয়েছে। টেলিভিশনের সংকট থাকলে সেটিও সমাধানের নির্দেশনা দেওয়া হয়েছে।

Leave a Reply