আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার
গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় চালককে মারধরের অভিযোগে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ট্রাক ও কাভার্ড ভ্যানের চালক-হেলপাররা।বুধবার (৮ এপ্রিল) বিকেল ৩টা ৫০ মিনিট পর্যন্ত অবরোধ চলমান রয়েছে।বুধবার দুপুর আড়াইটার দিকে জৈনাবাজারে আহম্মদ সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনের সামনে এই অবরোধ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা মহাসড়কের ওপর যানবাহন আড়াআড়ি রেখে অবস্থান নেওয়ায় ঢাকামুখী ও ময়মনসিংহমুখী উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।বিক্ষোভকারী চালক ও হেলপারদের অভিযোগ, মহাসড়কের পাশে তেল নেওয়ার সময় মাওনা হাইওয়ে থানা-পুলিশ তাদের এক সহকর্মী চালককে মারধর করে। এতে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনার প্রতিবাদেই তারা সড়কে নেমে অবরোধ কর্মসূচি পালন করছেন।
অভিযোগ অস্বীকার করে মাওনা হাইওয়ে থানার ওসি কামরুজ্জামান বলেন, ‘চালকেরা মহাসড়কে তিন লাইনে যানজট সৃষ্টি করছিলেন। তাদের সরে যেতে বলা হলেও তারা তা মানেননি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।’দীর্ঘ সময় ধরে অবরোধ চলায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী, দূরপাল্লার বাসের যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চালকেরা। ঘটনাস্থলে পুলিশ অবস্থান নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Leave a Reply