গাজীপুরের শ্রীপুরে ১১ বছরের প্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির চেষ্টা, প্রতিবাদ করায় মা ও স্বজনদের মারধর‎

গাজীপুরের শ্রীপুরে ১১ বছরের প্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির চেষ্টা, প্রতিবাদ করায় মা ও স্বজনদের মারধর‎


‎​আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর):


‎গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের দুর্লভপুর গ্রামে ১১ বছরের এক প্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন শিশুর মা ও তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শিশুর মা আয়েশা বেগম।

‎​অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৫ জুন (২০২৬) সকাল ৮টার দিকে আয়েশা বেগম তার প্রতিবন্ধী মেয়েকে শাশুড়ির কাছে রেখে কর্মস্থলে যান। বিকেল ৫টার দিকে মেয়েটি বাড়ির পাশে খেলতে গেলে প্রতিবেশী কামাল হোসেন (৪০) তাকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়ির পেছনে নিয়ে যায়। সেখানে কামাল হোসেন মেয়েটির পরনের পোশাক খোলার চেষ্টা করে এবং তাকে জাপটে ধরে। এ সময় প্রতিবেশী রুনাসহ কয়েকজন বিষয়টি দেখে ফেললে কামাল হোসেন পালিয়ে যায়।

‎​পরবর্তীতে আয়েশা বেগম কর্মস্থল থেকে ফিরে বিষয়টি জানতে পেরে কয়েকজনকে সঙ্গে নিয়ে কামাল হোসেনের বাড়িতে যান। সেখানে বিষয়টি নিয়ে কথা বললে অভিযুক্তরা এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জন আয়েশা বেগমকে অশালীন ভাষায় গালিগালাজ শুরু করে। প্রতিবাদ করলে অভিযুক্তরা তাদের ওপর চড়াও হয় এবং কিল-ঘুষি ও লাথি মেরে গুরুতর জখম করে। এ সময় কামাল হোসেনের সহযোগীরা আয়েশা বেগমের গলা টিপে শ্বাসরোধের চেষ্টাসহ বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে ফোলা ও জখম করে।

‎​ঘটনার পর অভিযুক্তরা তাদের প্রাণনাশের হুমকি দেয় এবং পুলিশ বা আইনের আশ্রয় নিলে মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখায়। বর্তমানে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

‎​শ্রীপুর মডেল থানায় দায়ের করা অভিযোগের সত্যতা নিশ্চিত করে আয়েশা বেগম জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে তিনি ন্যায়বিচারের আশায় থানায় এসেছেন।

‎​এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published.