
আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গাজীপুরের শ্রীপুর উপজেলার পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রিজভীকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) গাজীপুর জেলা ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, গাজীপুর জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রিজভীকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
গাজীপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. সোহাগ হোসেন ও সাধারণ সম্পাদক জাফর ইকবাল জনি এ সিদ্ধান্ত অনুমোদন করেন। জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সরকার মো. রাকিব হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ ঘটনায় রিজভী, তার বাবা মনির হোসেন ও মা নিলুফা আক্তারকে অভিযুক্ত করে ভুক্তভোগী কলেজ ছাত্রীর পরিবার ২৮ সেপ্টেম্বর সোমবার বিকেলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীকে কলেজ যাওয়া আসার পথে প্রায়ই উত্যক্ত করতো ছাত্রদল নেতা রিজভী। বিষয়টি ছাত্রী তার পরিবারে জানালে ছাত্রদল নেতা রিজভীকে শাসন করে ছাত্রীর পরিবার। তবুও উত্যক্ত করতেই থাকে রিজভী। রিজভীকে থামাতে না পেরে বিষয়টি রিজভীর মা নিলুফা বেগম ও মনির হোসেনকে জানালে তারা রিজভীকে কোন শাসন না করেই ছাত্রীর বাড়িতে বিয়ে প্রস্তাব পাঠালে প্রস্তাব ফিরিয়ে দেয় ছাত্রীর পরিবার। বিয়ে প্রস্তাব ফিরিয়ে দেয়ায় ক্ষুব্ধ হয় রিজভী। গত ২৮ সেপ্টেম্বর সকালে কলেজ ছাত্রী তার বাসার সামনে দোকানে কেনাকাটা করতে যায়। সেখানে আগে থেকেই কয়েকজন সহযোগী নিয়ে উপস্থিত ছিল রিজভী। দোকানে সামনে যাওয়া মাত্রই কলেজ ছাত্রীকে টেনে হিচড়ে গাড়ি তুলে জোর করে অপহরণ করে নিয়ে যায় ছাত্রদল নেতা রিজভী।
বক্তব্য জানতে ছাত্রদল নেতা রিজভী মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শাহিনুর আলম জানান,অভিযোগ পাওয়ার পরপরই কলেজ ছাত্রীর স্বজনদের দেখানো অনুযায়ী প্রত্যেকটি বাড়িতে অভিযান চালানো হয়েছে। কলেজ ছাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি। কলেজ ছাত্রীকে উদ্ধার করতে পুলিশের অভিযান চলছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply