
শহিদুল ইসলাম শাওন, শেরপুর ( বগুড়া)
প্রতিষ্ঠার দেড় দশক পর নিজস্ব জমিতে নির্মিত নতুন কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করল বগুড়ার শেরপুর উপজেলার ১০ নং শাহ বন্দেগী ইউনিয়ন পরিষদ। শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় পরিষদ চত্বরে এ উপলক্ষে এক সুধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শাহ বন্দেগী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য একেএম মাহবুবুর রহমান হারেজ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা দবিবুর রহমান।
পরিষদের প্রশাসনিক কর্মকর্তা কামরুল হাসান ও ইউপি সদস্য,ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমের যৌথ সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, শাহ বন্দেগী ইউনিয়ন বর্তমানে শেরপুরের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। তবে অপরিকল্পিত চাতাল ও আবাসন নির্মাণের কারণে এখানকার টেকসই অবকাঠামোগত উন্নয়ন ব্যাহত হচ্ছে। জলাবদ্ধতা নিরসনসহ এলাকাটিকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে স্থানীয় বাসিন্দাদের সচেতনতা ও সহযোগিতা অপরিহার্য। পাশাপাশি ইউনিয়ন পরিষদের জন্য একটি আধুনিক স্থায়ী ভবন নির্মাণে সরকারের উচ্চপর্যায়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন অতিথিরা।
উল্লেখ্য, ২০১১ সালে হাওয়াখানা এলাকায় একটি ভাড়া কার্যালয়ে শাহ বন্দেগী ইউনিয়নের প্রশাসনিক যাত্রা শুরু হয়েছিল। দীর্ঘ প্রতীক্ষার পর স্থানীয়দের সম্মিলিত সহযোগিতায় কেনা ২৬ শতাংশ জমিতে এ নতুন অস্থায়ী কার্যালয়টি নির্মাণ করা হলো। স্থায়ী প্রশাসনিক ভবন না হওয়া পর্যন্ত এখান থেকেই সব নাগরিক সেবা প্রদান করা হবে।

Leave a Reply