
গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা উত্তর বিভাগ। এ সময় তাদের কাছ থেকে একটি মাহিন্দ্র পিকআপ, বড় আকারের একটি কাটার, দুটি লোহার রড ও একটি সামুরাই উদ্ধার করা হয়েছে।গত ৫ অক্টোবর রাত ১টা ৩৫ মিনিটের দিকে বাসন থানার ইটহাটা এলাকায় ভাওয়াল কলেজের উত্তর পাশে সিদ্দিক টাওয়ারের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টাঙ্গাইলের নাগরপুর থানার কদিম কাকনা এলাকার শিমুল শেখ আবুল হোসেন (৪৫), বগুড়ার নন্দীগ্রাম থানার টিটিগড়ি এলাকার মজিদ আহম্মেদ (৪৫), নওগাঁর আত্রাই থানার রসুলপুর এলাকার সবুজ আলী (৩২), বগুড়ার দুপচাঁচিয়া থানার উতুরা দক্ষিণপাড়া এলাকার রেজাউল করিম (৪৫), টাঙ্গাইলের ভূঞাপুর থানার উটি বয়রা এলাকার শুকুর আলী ওরফে জীবন (৩৫) এবং ঢাকার শাহ আলী থানার মিরপুর এলাকার আহম্মদ (৪৭)। জিএমপি গোয়েন্দা উত্তর বিভাগের পুলিশ পরিদর্শক মুহাম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বে এসআই মো. আবু বকর সিদ্দিক, এএসআই বেলাল হোসেন ও এএসআই মো. জাহিদুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, অভিযানের সময় একটি মাহিন্দ্র পিকআপে তল্লাশি চালানো হয়। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহারের সরঞ্জাম হিসেবে সন্দেহভাজন একটি কাটার, দুটি লোহার রড ও একটি সামুরাই উদ্ধার করা হয়। পরে সেগুলো আলামত হিসেবে জব্দ করা হয়। পুলিশ আরও জানায়, গ্রেপ্তার শিমুল শেখ আবুল হোসেনের বিরুদ্ধে চুরির একটি, অস্ত্রের একটি এবং ডাকাতির প্রস্তুতির একটি মামলা রয়েছে। অপর গ্রেপ্তার মজিদ আহম্মেদের বিরুদ্ধে চুরির সাতটি, দস্যুতার তিনটি ও ডাকাতির একটি মামলা রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

Leave a Reply