ভালুকায় ১৩ বছরের কিশোরী অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বাবা

ভালুকায় ১৩ বছরের কিশোরী অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বাবা

স্টাফ রিপোর্টার

এক বুক স্বপ্ন আর জীবিকার তাগিদে রাজধানীতে দিন কাটছিল মায়ের। অথচ সেই আস্থার সুযোগ নিয়ে নিজ গৃহেই ত্রা’স হয়ে ওঠেন এক জন্মদাতা পিতা! ময়মনসিংহের ভালুকায় ১৩ বছরের এক কিশোরী গৃহকর্মীকে একাধিকবার ধর্ষণের ফলে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। পৈশাচিক এই ঘটনায় অভিযুক্ত পিতা আব্দুল মোতালেককে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে রাজধানীর কলাবাগান থানা পুলিশ তাকে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

পুলিশ ও মামলার বিবরণে জানা যায়, ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারগাঁও গ্রামের বাসিন্দা আব্দুল মোতালেক ভালুকার কাঠালী এলাকায় ভাড়া বাসায় থেকে রাজমিস্ত্রীর কাজ করতেন। তার ১৩ বছরের কিশোরী কন্যা রাজধানীর কলাবাগান এলাকার একটি বাসায় গৃহকর্মীর কাজ করত। গত ২২ মে ছুটির কথা বলে বাবা নিজে গিয়ে মেয়েকে ভালুকায় নিয়ে আসেন। প্রায় এক মাস পর ২৫ জুন তাকে পুনরায় ঢাকায় কাজের জায়গায় পৌঁছে দেওয়া হয়।

সম্প্রতি মেয়েটির শারীরিক অবস্থার আকস্মিক পরিবর্তন লক্ষ্য করে বাসার মালিকের মনে সন্দেহ জাগে। এরপর নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে এক লোমহর্ষক সত্য। কিশোরী জানায়, ভালুকায় বেড়াতে যাওয়ার সুবাদে ফাঁকা বাসায় তাকে একা পেয়ে একাধিকবার জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন তার নিজ পিতা আব্দুল মোতালেক।

এই ভয়ঙ্কর তথ্য জানার পর বাসার মালিক বিন্দুমাত্র সময় নষ্ট না করে অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে মেয়েটির বাবা-মাকে ডেকে পাঠান। পরবর্তীতে কলাবাগান থানা পুলিশের সহায়তায় এবং মা ও গৃহকর্ত্রীর কঠোর জেরার মুখে অভিযুক্ত পিতা নিজের কুকীর্তির কথা স্বীকার করতে বাধ্য হন। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে ভালুকা মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, ‘আসামিকে আইনি প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published.