সফিপুর ফ্লাইওভারে ঘাতক যানবাহনের ধাক্কা, ঝরল একই পরিবারের তিন প্রাণ

সফিপুর ফ্লাইওভারে ঘাতক যানবাহনের ধাক্কা, ঝরল একই পরিবারের তিন প্রাণ

মো: জনি হাসান, গাজীপুর।

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও আট বছর বয়সী এক শিশু রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁরা স্বামী-স্ত্রী ও তাঁদের সন্তান। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর মোরশেদ জানান, তিনজন একটি মোটরসাইকেলে করে কোনাবাড়ী থেকে টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন। পথে সফিপুর ফ্লাইওভারের ওপর পৌঁছালে অজ্ঞাত একটি যানবাহন তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তাঁরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে তাঁদের নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

ওসি আরও জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ এবং কোন যানবাহনের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হবে। পাশাপাশি এ ঘটনায় প্রয়োজনীয় তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিহতদের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনায় জড়িত যানবাহনটি চিহ্নিত করতে পুলিশ কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published.