শ্রীপুরে ১১ কেভি মেইন লাইন ছিঁড়ে বাড়িতে আগুন, পর্যায়ক্রমে লাইন সরানোর আশ্বাস পল্লী বিদ্যুতের

শ্রীপুরে ১১ কেভি মেইন লাইন ছিঁড়ে বাড়িতে আগুন, পর্যায়ক্রমে লাইন সরানোর আশ্বাস পল্লী বিদ্যুতের

আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর)


‎গাজীপুরের শ্রীপুর পৌরসভার ন্যাশনাল পোল্ট্রি এলাকায় পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টের (১১ কেভি) মেইন লাইন ছিঁড়ে একটি আবাসিক বাড়ির টিনের চালে পড়ার ঘটনা ঘটেছে। এতে বসতবাড়ির বিভিন্ন স্থানে আগুন ধরে যায় এবং বৈদ্যুতিক তার পুড়ে ভস্মীভূত হয়। স্থানীয়দের দ্রুত তৎপরতায় বড় ধরনের প্রাণহানি বা মারাত্মক কোনো বিপর্যয় ঘটেনি।
‎
‎​আজ বুধবার ভোর আনুমানিক ৬টার দিকে স্থানীয় বাসিন্দা মাহফুজ মিয়ার বাড়িতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।ঘটনার বিবরণ দিয়ে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মাহফুজ মিয়া বলেন, “হঠাৎ বিকট শব্দে পল্লী বিদ্যুতের ১১ কেভির লাইনটি ছিঁড়ে আমার বাড়ির টিনের চালের ওপর এসে পড়ে। সঙ্গে সঙ্গেই বাড়ির বিভিন্ন স্থানে আগুন ধরে যায় এবং তার পুড়ে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। আকস্মিক এই ঘটনায় ঘরে থাকা শিশু, নারী ও বৃদ্ধসহ সবাই চরম আতঙ্কিত হয়ে পড়েন। একাধিকবার এমন বিপজ্জনক ঘটনার মুখোমুখি হওয়ায় পরিবারের সবাই সবসময় আতঙ্কে থাকেন। এভাবে চলতে থাকলে যে কোনো সময় বড় ধরনের অঘটন ঘটে যেতে পারে।”
‎
‎​তিনি ক্ষোভ প্রকাশ করে দ্রুত এই ঝুঁকিপূর্ণ লাইন অপসারণের দাবি জানিয়ে বলেন, “এমন বিপদজনক লাইন আমার বাড়ির ওপর দিয়ে না নিয়ে তা সরিয়ে নেওয়া হোক—এটাই বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে আমার প্রধান দাবি।”
‎​স্থানীয় অধিবাসীরা জানান, বসতবাড়ির ওপর দিয়ে যাওয়া ১১ কেভির মতো উচ্চ ভোল্টেজের এই মেইন লাইন নিয়ে বারবার দুর্ঘটনার মুখোমুখি হতে হচ্ছে। বারবার অভিযোগ সত্ত্বেও এখন পর্যন্ত স্থায়ী কোনো সমাধান করা হয়নি।
‎
‎​এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর পল্লী বিদ্যুতের এজিএম জানান, বসতবাড়ির ওপর দিয়ে যাওয়া এই বিপজ্জনক সংযোগ অপসারণের বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং পর্যায়ক্রমে লাইনটি সেখান থেকে সরিয়ে নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published.