
গাজীপুর জেলা প্রতিনিধি
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্পেশাল চেকপোস্ট বসিয়ে একটি চলন্ত বাসে তল্লাশি চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে জয়দেবপুর থানার নয়নপুর এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর ২০৩ রক্ষণাবেক্ষণ ইউনিটের সামনের মহাসড়কে ‘ইউনাইটেড পরিবহন’-এর একটি বাসে এ সফল অভিযান চালানো হয়।আটক ব্যক্তির নাম মোহাম্মদ আলী অলি (৩৮)। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর (উজান চন্নপাড়া) গ্রামের জাহের উদ্দিনের ছেল
গোপন সংবাদের সূত্রে জানা যায়, ময়মনসিংহগামী ইউনাইটেড পরিবহনের একটি বাসে করে মাদকের এক বিশাল চালান পরিবহন করা হচ্ছে।
গোপন তথ্যের ওপর ভিত্তি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের একটি দল নয়নপুর এলাকায় অবস্থান নেয়। বাসটি সংকেত দিয়ে থামানোর পর সুনির্দিষ্ট সন্দেহের ভিত্তিতে যাত্রী অলির দেহে ও সঙ্গে থাকা ট্রাভেল ব্যাগে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তার কাছে নিখুঁতভাবে লুকানো অবস্থায় ২,০০০ পিস মারাত্মক ক্ষতিকর অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক এমদাদুল ইসলাম মিঠুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে জয়দেবপুর থানায় পরিদর্শক আনোয়ার হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চালাচ্ছেন।
তিনি আরও জোর দিয়ে বলেন, মহাসড়ক ব্যবহার করে মাদকের রুট বিস্তার রোধ করতে জেলাজুড়ে এই ধরণের আচমকা তল্লাশি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।

Leave a Reply