উচ্চশিক্ষায় বৈশ্বিক মানদণ্ড নিশ্চিত করতে গাকৃবিতে সিএবিআই কোর্স অন্তর্ভুক্তির উদ্যোগ

উচ্চশিক্ষায় বৈশ্বিক মানদণ্ড নিশ্চিত করতে গাকৃবিতে সিএবিআই কোর্স অন্তর্ভুক্তির উদ্যোগ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর

বাংলাদেশের কৃষি শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে এবং শিক্ষার্থীদের বাস্তবমুখী কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। উচ্চশিক্ষাকে আরও আধুনিক, যুগোপযোগী ও বৈশ্বিক বাজারের চাহিদাসম্পন্ন করার প্রত্যয়ে বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর এগ্রিকালচার অ্যান্ড বায়োসায়েন্সেস ইন্টারন্যাশনাল (সিএবিআই) অ্যাকাডেমির কোর্সসমূহ অন্তর্ভুক্তিকরণ বিষয়ক এক বিশেষ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

​মঙ্গলবার (২১ এপ্রিল) গাকৃবির একাডেমিক কাউন্সিল সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। সভায় সিএবিআই অ্যাকাডেমিক কোর্সসমূহকে বিশ্ববিদ্যালয়ের বর্তমান কারিকুলামের সাথে কীভাবে সমন্বিত করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা ও নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

​সভার মূল আলোচনা ছিল শিক্ষাকে কেবল পাঠ্যবইয়ের তাত্ত্বিক গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনের সমস্যা সমাধানে সক্ষম ও দক্ষ পেশাজীবী তৈরি করা। সিএবিআই অ্যাকাডেমিক কোর্সের বিশেষ বৈশিষ্ট্য হলো এর আন্তর্জাতিক মানের কনটেন্ট এবং বাস্তব সমস্যাভিত্তিক শিক্ষা পদ্ধতি। এই প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীরা অনলাইন ও স্বশিক্ষণ সুবিধা পাবে এবং কোর্স শেষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সার্টিফিকেট অর্জন করবে, যা তাদের ক্যারিয়ার ও উচ্চশিক্ষার পথে অনন্য মাত্রা যোগ করবে।

​পরামর্শ সভায় উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক, সিএবিআই বাংলাদেশের কান্ট্রি প্রতিনিধি ড. মোঃ সালেহ আহমেদ এবং সিএবিআই-এর ডিজিটাল টুলস ইউজ এর গ্লোবাল লিড ড. মালভিকা চৌধুরী। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, জ্যেষ্ঠ শিক্ষকবৃন্দ এবং সিএবিআই-এর বিশেষজ্ঞগণ আলোচনায় অংশ নেন।

​অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে ড. সালেহ আহমেদ সিএবিআই-এর বৈশ্বিক কার্যক্রম ও কৃষি শিক্ষায় তাদের বিভিন্ন উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। এরপর ড. মালভিকা চৌধুরী সিএবিআই অ্যাকাডেমি ও ডিজিটাল লার্নিং কোর্সসমূহের ওপর একটি অত্যন্ত তথ্যবহুল ও সচিত্র উপস্থাপনা প্রদান করেন। অন্যদিকে, গাকৃবির বর্তমান সাফল্য ও অর্জন সম্বলিত একটি তথ্যবহুল ডকুমেন্টারি তুলে ধরেন ড. মোঃ মাহবুবুর রহমান।

​ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনা পর্বে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সিএবিআই-এর আধুনিক ও গবেষণাভিত্তিক কোর্সসমূহ গাকৃবির শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান ডিজিটাল হার্বেরিয়ামকে সিএবিআই-এর বৈশ্বিক নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করার বিষয়ে আলোচনা হয়। এছাড়াও সিএবিআই ইনডেক্সড জার্নালে গাকৃবির সাইটেশন অন্তর্ভুক্ত করা এবং যৌথ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার বিষয়ে উভয় পক্ষ ব্যাপক আগ্রহ প্রকাশ করে।

​সভাপতির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে কেবল প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জনেই সাফল্য সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের এখন প্রয়োজন বাস্তব দক্ষতা এবং উদ্ভাবনী চিন্তাশক্তি। সিএবিআই-এর মতো একটি আন্তর্জাতিক আন্তঃসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে এই সমন্বয় আমাদের শিক্ষার্থীদের সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে। এটি দেশের কৃষি ও পরিবেশ খাতে ইতিবাচক পরিবর্তন আনতে অগ্রণী ভূমিকা পালন করবে।”

​উল্লেখ্য, সিএবিআই একটি আন্তর্জাতিক ও অলাভজনক সংস্থা যা বিশ্বজুড়ে কৃষি ও পরিবেশের জটিল সমস্যা সমাধানে কাজ করে। গাকৃবির এই উদ্যোগের ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন থেকে আন্তর্জাতিক মানের গবেষণালব্ধ জ্ঞান সরাসরি তাদের শিক্ষা জীবনে প্রয়োগ করার সুযোগ পাবে, যা বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও প্রযুক্তি নির্ভর কৃষি বিপ্লবের দিকে এগিয়ে নিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published.