
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৯ আগস্ট) দিনব্যাপী টাঙ্গাইলের মধুপুর উপজেলার দোখলা ন্যাশনাল পার্কে এ পরিচিতি সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখার নবনির্বাচিত কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম সোহেল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আঃ হাকিম।
পরিচিতি সভায় নবনির্বাচিত কমিটির সদস্যদের পারস্পরিক পরিচয়, ইউনিয়ন পরিষদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা, স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর করা এবং চেয়ারম্যান-মেম্বারদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও যোগাযোগ জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
সভাকে কেন্দ্র করে সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বক্তারা ইউনিয়ন পরিষদের কার্যক্রম আরও গতিশীল করা এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটির পরিচিতি সভার মাধ্যমে সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে। পাশাপাশি ইউনিয়ন পরিষদগুলোর স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার নতুন সুযোগ সৃষ্টি হবে।

Leave a Reply