পদোন্নতি নেই ১২ বছর;মানববন্ধনে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

পদোন্নতি নেই ১২ বছর;মানববন্ধনে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

গাজীপুর প্রতিনিধি

প্রতিষ্ঠার ১২ বছর পেরিয়ে গেলেও পদোন্নতি নেই। অনুমোদন হয়নি সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম), পরিবর্তন হয়নি পদবি। দীর্ঘদিনের এসব বঞ্চনা ও প্রশাসনিক জটিলতার অবসানের দাবিতে মানববন্ধন করেছেন পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।

বুধবার (৪ নভেম্বর) গাজীপুর জেলার বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীরা একযোগে এ কর্মসূচি পালন করেন। মানববন্ধনে তাঁরা দ্রুত পদোন্নতি কার্যক্রম চালু, পদবি পরিবর্তন এবং প্রস্তাবিত সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৪ সালে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের ধারাবাহিকতায় পল্লী সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়। বর্তমানে দেশের ৪৯২টি উপজেলায় ব্যাংকটির ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রায় ১১ হাজার জনবল নিয়ে গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে প্রতিষ্ঠানটি। অথচ প্রতিষ্ঠার পর থেকে কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি ও পদবি পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘসূত্রতা চলছে। একই পদে চাকরিতে যোগ দিয়ে বছরের পর বছর একই পদে দায়িত্ব পালন করতে হচ্ছে তাঁদের।

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন পদোন্নতি না হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে হতাশা ও অসন্তোষ বাড়ছে। যোগ্যতা, অভিজ্ঞতা ও চাকরির মেয়াদের যথাযথ মূল্যায়ন না হওয়ায় কর্মীদের কর্মস্পৃহাও কমে যাচ্ছে। সময়ের সঙ্গে ব্যাংকের কার্যক্রম ও জনবল বাড়লেও সে অনুযায়ী সাংগঠনিক কাঠামোর আধুনিকায়ন এবং পদোন্নতির ব্যবস্থা করা হয়নি। এতে প্রশাসনিক শৃঙ্খলা ও দক্ষ জনবল ব্যবস্থাপনা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।তাঁরা বলেন, দ্রুত এসব সমস্যার সমাধান করা না হলে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

মানববন্ধনে বক্তব্য দেন সিবিএর গাজীপুর জেলা সভাপতি সানোয়ার হোসেন, নয়ন মনি, চঞ্চল খানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও নেতৃবৃন্দ।

মানববন্ধন থেকে দ্রুত প্রস্তাবিত সাংগঠনিক কাঠামো অনুমোদন, পদোন্নতি কার্যক্রম চালু, পদবি পরিবর্তন এবং দীর্ঘদিনের বঞ্চনার অবসানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published.