কোনাবাড়ীতে অবস্থিত ইসলাম গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

কোনাবাড়ীতে অবস্থিত ইসলাম গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

গাজীপুর প্রতিনিধিঃ


শ্রমিক ধর্মঘটের কারণ দেখিয়ে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় অবস্থিত ইসলাম গার্মেন্টস লিঃ (ইউনিট-২) অনির্দিষ্ঠ কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বিকেলে বন্ধসংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায় গেল ২৭ জুন শনিবার রুবিনা বেগম (৫০) নামে এক নারী শ্রমিক
অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে কারখানার ভেতরে অবস্থিত মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দিয়ে কোনাবাড়ী ক্লিনিকে পাঠানো হয়।

কোনাবাড়ী ক্লিনিকে তার অবস্থার অবনতি হলে ঢাকা হৃদরোগ ইন্সটিটিউট মেডিক্যালে রেফার্ড করা হয়। পরে ওই দিন সন্ধ্যা সময় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রোববার (২৮ জুন) সকালে ওই নারী শ্রমিকের মৃত্যুর খবর কারখানার অন্যান্য শ্রমিকরা জানার পর কাজ বন্ধ করে দেয়। শ্রমিকদের দাবী কারখানা কর্তৃপক্ষের অবহেলার কারণে রুবিনার মৃত্যু হয়েছে। শ্রমিকদের দাবী এর সঠিক তদন্ত করে দায়িত্বে অবহেলায় জড়িতদের শাস্তির ব্যবস্থা করতে হবে। মৃত রুবিনা বেগম সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার মেঘাই গ্রামের মৃত সুমার আলী সরকারের মেয়ে। তিনি জরুন এলাকায় ভাড়া বাসায় থেকে ইসলাম গার্মেন্টসে সুয়িং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। ওই নোটিশে উল্লেখ করা হয়েছে ইসলাম গার্মেন্টস লিঃ (ইউনিট-২) এর সকল শ্রমিক, কর্মচারী, এবং কর্মকর্তাগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিগত ২৮ জুন রোববার সকাল আনুমানিক ১১ টার সময় শ্রমিকরা কারখানায় বে-আইনী ধর্মঘট করে কাজ বন্ধ করে দেয় এবং অত্র কারখানায় উচ্ছৃংখলতা করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে কারখানা ত্যাগ করে চলে যায় এবং ২৯ জুন সোমবার সকাল ৭ টা ৪৫ মিনিটের সময় শ্রমিকরা কারখানায় প্রবেশ করে হাজিরা নিশ্চিত করে কাজে যোগদান না করে পুনরায় কারখানার মেইন গেইট-এ অবস্থান করে। কর্তৃপক্ষ তাদেরকে কাজে যোগদান করার জন্য অনুরোধ করলে তারা কাজ না করে কারখানা ত্যাগ করে।

পরবর্তীতে ৩০ জুন মঙ্গলবার সকাল ৭ টা ৪৫ মিনিটের সময় শ্রমিকরা কারখানায় প্রবেশ করে তাদের হাজিরা নিশ্চিত করে কাজ না করে বসে থাকে। কর্তৃপক্ষ বার বার কাজ করার জন্য শ্রমিকদেরকে অনুরোধ করা সত্ত্বেও তারা কাজে যোগদান না করে লাঞ্চে চলে যায়। পরবর্তীতে তারা লাঞ্চের পর কারখানায় প্রবেশ করলে কর্তৃপক্ষের অনুরোধে কাজ শুরু করলেও কিছু সময় পর পুনরায় কাজ বন্ধ করে দেয়। শ্রমিকদের এরূপ আচরন অবৈধ ধর্মঘটের শামিল। এমতাবস্থায় কারখানা কর্তৃপক্ষ বাধ্য হয়ে আগামী পহেলা জুলাই বুধবার হতে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য ইসলাম গার্মেন্টস লিঃ (ইউনিট: ঘোষনা করিল। পরবর্তীতে কারখানা খোলার অনুকুল পরিবেশ সৃষ্টি হলে কারখানা খোলার তারিখ নোটিশের মাধ্যমে জানানো হবে।


এবিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে মোবাইল ফোন রিসিভ না
করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


গাজীপুর শিল্প পুলিশ- এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন (পিপিএম) বলেন,শ্রমিকরা অভিযোগ করছেন কর্তৃপক্ষের অবহেলার কারণে ওই নারী শ্রমিকের মৃত্যু হয়। তাদের দাবী যথাসময়ে চিকিৎসা দিলে এই দূর্ঘটনা ঘটতো না। তিনি আরও বলেন,বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। কতৃপক্ষের কোন অবহেলা আছে কিনা। কারখানা বন্ধের বিষয়ে বলেন,কর্তৃপক্ষ শ্রম আইন অনুযায়ী বন্ধ ঘোষণা করেছে।

Leave a Reply

Your email address will not be published.