শ্রীপুরে শিক্ষার্থীদের মাঝে ৫০০ জামগাছের চারা বিতরণ

শ্রীপুরে শিক্ষার্থীদের মাঝে ৫০০ জামগাছের চারা বিতরণ


মাহফুজুর রহমান ইকবাল সটাফ রিপোর্টার:

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে গাজীপুরের শ্রীপুরে শিক্ষার্থীদের মাঝে ৫০০টি জামগাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার মাওনা ইউনিয়নের আক্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আক্তাপাড়া এ এস এম দাখিল মাদ্রাসায় এ কর্মসূচির আয়োজন করা হয়। শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মাওনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোক্তারুল করিম মোড়ল শামীমের সৌজন্যে শিক্ষার্থীদের হাতে এসব জামগাছের চারা তুলে দেওয়া হয়। তাঁর নিজ অর্থায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান।


দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা অনুযায়ী পরিবেশের ভারসাম্য রক্ষায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ-২০২৬’ শীর্ষক এ কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু চারা রোপণ করলেই হবে না, গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। মোক্তারুল করিম মোড়ল শামীম বলেন, “শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেওয়ার মাধ্যমে আমরা শুধু বৃক্ষরোপণ করছি না, নতুন প্রজন্মের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধও তৈরি করতে চাই। একটি গাছ একটি পরিবারের জন্য যেমন সম্পদ, তেমনি ভবিষ্যৎ প্রজন্মের জন্যও আশীর্বাদ। তিনি আরও বলেন, শিক্ষার্থীরা এসব চারা যত্নসহকারে বড় করলে ভবিষ্যতে এর সুফল ব্যক্তি ও সমাজ উভয়েই ভোগ করবে।

Leave a Reply

Your email address will not be published.